হামে জটিলতা বাড়ছে অপুষ্টির কারণেও: স্বাস্থ্যমন্ত্রী
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পিএম
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, অপুষ্টির কারণেও হামে আক্রান্ত শিশুদের মধ্যে শারীরিক জটিলতা বাড়ছে। এজন্য শিশুর পুষ্টিকর খাদ্য এবং মায়ের দুধ নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মিলনায়তনে জাতীয় পুষ্টি সপ্তাহের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, পুষ্টির বার্তা দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পুষ্টি সচেতনতা বৃদ্ধি পেলে একটি সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে। কেবল একটি ভিটামিন বা এক ফাইল ওষুধ খেয়ে জীবন চলে না। মায়ের দুধ এমন একটি প্রাকৃতিক পুষ্টি, যা শিশুর শরীর গঠন তৈরি করে এবং এর প্রভাব দীর্ঘস্থায়ী। কিন্তু বর্তমানে অনেক মা বুকের দুধ খাওয়াতে আগ্রহ হারাচ্ছেন, যা উদ্বেগজনক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবকিছু ওষুধ দিয়ে সম্ভব নয়। কাউন্সেলিংয়ের মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে। পুষ্টি মানেই শুধু শরীর নয়, এটি মেধা ও কর্মক্ষমতা বৃদ্ধিরও শক্তি।
