Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার: নুরুল হক

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৭:৩৭ পিএম

দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার: নুরুল হক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ফাইল ছবি

Advertisement

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, সরকার দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠানোর ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। 

বুধবার (৬ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে অভিবাসী সম্মেলন-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। 

তিনি বলেন, বৈদেশিক শ্রমবাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ার ফলে এখন আর অদক্ষ কর্মী পাঠিয়ে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। এ জন্য সরকার দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ ব্যবস্থাকে অগ্রাধিকার দিচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে ১০৪টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) রয়েছে, যেখানে ৫৮টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে সব কেন্দ্রে সমান সুযোগ-সুবিধা নেই। কোথাও অবকাঠামো ঘাটতি, আবার কোথাও প্রশিক্ষণার্থীর অভাব রয়েছে। 

তিনি বলেন, যেখানে চাহিদা আছে, সেখানে প্রশিক্ষণ সুবিধা আরও উন্নত করা হবে। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অবকাঠামো নিশ্চিত করতে বাজেটে বরাদ্দ চাওয়া হবে।

নুরুল হক নুর বলেন, বিদেশে কর্মসংস্থানের পাশাপাশি অভ্যন্তরীণ কর্মসংস্থানও গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশের মতো জনবহুল দেশে বিদেশে কর্মসংস্থান একটি বড় সম্ভাবনা।

তিনি আরও বলেন, দক্ষ জনশক্তি তৈরি করতে পারলে আন্তর্জাতিক শ্রমবাজারে দেশের অবস্থান আরও শক্তিশালী হবে এবং প্রবাসী আয়ের পরিমাণ বাড়বে।

প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নতুন শ্রমবাজার খোঁজার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রবাসী কর্মীদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতেও সরকার কাজ করছে।

তিনি বলেন, আমরা চাই দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি বিদেশে পাঠাতে, যাতে তারা ভালো কাজ পায় এবং দেশের জন্য বেশি রেমিট্যান্স আনতে পারে।

সম্মেলনের আয়োজন করে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)। এতে দেশি বিদেশি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও বিদেশ ফেরত অভিবাসী কর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম