‘যাদের মা-বাবা পৃথিবী থেকে চলে গেছেন তাদের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা উচিত’
তেজগাঁও (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২৬, ১১:০৪ পিএম
দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের বলেছেন, মা-বাবা দুজনেই পৃথিবী থেকে চলে গেছেন। সেজন্য মন খারাপ থাকাটাই স্বাভাবিক। এই বাবা-মায়ের জন্য যত বেশি দোয়া করা যায়, আত্মার মাগফিরাত কামনা করা যায়, তত বেশি তাদের আত্মার শান্তি পায়। এজন্য যাদের বাবা-মা পৃথিবী থেকে চলে গেছেন তাদের জন্য বেশি বেশি দোয়া করা, আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চাওয়া, দান করা উচিত।
ডা. এজেডএম জাহিদ হোসেনের মমতাময়ী মা মরহুমা বেগম জেবুন্নেছা গত ৬ মে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তার আত্মার মাগফিরাত কামনায় সোমবার (১১ মে) বিকালে আগারগাঁও সমাজসেবা অধিদপ্তরের অডিটোরিয়ামে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, আমরা কেউ চিরদিন বেঁচে থাকব না। তবে যতদিন বেঁচে থাকব, ততদিন বাবা-মায়ের দেখাশোনা করা, তাদের সেবা যত্নের জন্যে আমাদের কর্মব্যস্ততার মধ্যেও সুযোগ তৈরি করে নিতে হবে।
দোয়া মাহফিল অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেন, মরহুমা বেগম জেবুন্নেছা ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ। শিক্ষকতা পেশায় নিবেদিত প্রাণ এই শিক্ষিকা নিজ মেধা ও যোগ্যতা দিয়ে অসংখ্য ছাত্র-ছাত্রীকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন। তার অসংখ্য ছাত্রছাত্রী বর্তমানে রাষ্ট্র ও সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
তিনি আরও বলেন, তিনি ছিলেন একজন আদর্শ মা। একজন আদর্শ মা হিসেবে নিজের সন্তানদেরও সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলেছেন।
তিনি আরও বলেন, বেগম জেবুন্নেছা ছিলেন অত্যন্ত ধার্মিক, সদালাপী, মিতব্যয়ী এবং বিনয়ী। মানুষের প্রতি তার মমত্ববোধ বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী ও শিশুদের প্রতি তার সহানুভূতি ছিল অনুকরণীয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শবনম মোস্তারী, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব মরহুমার স্মরণে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবরা, যুগ্ম সচিবরা, আওতাধীন দপ্তর /সংস্থার প্রধানরা, মন্ত্রণালয়সহ সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারীরা এবং শিশু পরিবারের কোমলমতি শিশুরা।
বেগম জেবুন্নেছার আত্মার মাগফিরাত কামনায় ক্যাপিটেশন গ্রান্টভুক্ত ২০জন এতিম হাফেজ শিশুরা ৬ বার কুরআন খতম করেন।
সবশেষে মন্ত্রীর মমতাময়ী মায়ের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ধানমন্ডি সোবহানবাগ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মাসুম বিল্লাহ।
