Logo
Logo
×
   

জাতীয়

নিরাপত্তা বজায় রাখতে পুলিশ বাহিনীকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: ভূমিমন্ত্রী

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৮:৩৬ পিএম

নিরাপত্তা বজায় রাখতে পুলিশ বাহিনীকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: ভূমিমন্ত্রী

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সদর দপ্তরে ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী বাংলাদেশের সবচেয়ে শান্তিপূর্ণ, নিরাপদ, সবুজ এবং শিক্ষানগরী। রাজশাহীর শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশ বাহিনীকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

বুধবার (১ জুলাই) সকালে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সদর দপ্তরে ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সরকারের বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই লক্ষ্য অর্জনে অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছে। ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’ এই নীতির আলোকে আগামী দিনে ভালো মানুষের জন্য একটি নিরাপদ রাজশাহী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ভূমিমন্ত্রী বলেন, আজ থেকে ৩৪ বছর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেছিলেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

আরএমপির কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম, আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার এবং জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভূমিমন্ত্রীর নেতৃত্বে আরএমপি সদর দপ্তর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .