Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

ডেপুটি স্পিকার

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

Advertisement

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৭:১০ পিএম

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সঙ্গে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল

Advertisement

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে পাওয়া জাতীয় পতাকা শুধু একটি কাপড়ের টুকরো নয়; এটি দায়িত্ব, কর্তব্য, সততা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতীক। এই পতাকা আমাকে প্রতিটি মুহূর্তে মনে করিয়ে দেয়- কী করা উচিত, আর কী করা উচিত নয়। একই সঙ্গে হাজার হাজার মা-বোনের সম্ভ্রম এবং লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষার দায়িত্বও স্মরণ করিয়ে দেয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দেশের প্রতিটি মানুষ নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করলে দেশ আরও এগিয়ে যাবে। মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগের প্রকৃত সার্থকতা তখনই অর্জিত হবে, যখন আগামী প্রজন্মকে সুশিক্ষিত, সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশে তিনি বলেন, প্রাথমিক স্তরের শিক্ষকদের আচরণ, কথাবার্তা ও কর্মপদ্ধতি একটি শিশুর সারাজীবনে গভীর প্রভাব ফেলে। তাই দায়িত্ব পালনে কোনো অবহেলার সুযোগ নেই। তিনি বলেন, প্রাথমিক শিক্ষার ভিত্তি দুর্বল হলে সমাজে নানা ধরনের সামাজিক অবক্ষয়, এমনকি মাদকের বিস্তারও বাড়তে পারে।

তিনি আরও বলেন, অনেক শিক্ষক প্রয়োজনীয় সময় বিদ্যালয়ে দিচ্ছেন না, যা অত্যন্ত দুঃখজনক।

শিক্ষকদের উদ্দেশে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আপনারা যে বেতন পান, সেটি হালাল করুন। অতীতে যেভাবেই নিয়োগ হয়ে থাকুন না কেন, এখন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করুন। আমরা আপনাদের শিক্ষক হিসেবে সম্মান করি। তাই শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে আন্তরিকতার সঙ্গে কাজ করুন।

তিনি বলেন, বর্তমান সরকারের সাফল্য এবং আগামীর বাংলাদেশ গড়ার ভিত্তি নির্ভর করছে শিক্ষা ও দায়িত্বশীলতার ওপর। তাই কলমাকান্দার উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা বিভাগের ময়মনসিংহ বিভাগীয় উপপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম, নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আজম এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মালিহা মিথি ও আবিদ হাসান।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম