Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

মালয়েশিয়ার কারাগারে বাংলাদেশিদের সমস্যা নিয়ে হাইকমিশনের বৈঠক

Advertisement

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৭:১৮ পিএম

মালয়েশিয়ার কারাগারে বাংলাদেশিদের সমস্যা নিয়ে হাইকমিশনের বৈঠক

মালয়েশিয়ার কারাগারে বাংলাদেশিদের সমস্যা নিয়ে হাইকমিশনের বৈঠক অনুষ্ঠিত। ছবি: যুগান্তর

Advertisement

মালয়েশিয়ার বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশি নাগরিকদের সমস্যা, কল্যাণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে দেশটির প্রিজন ডিপার্টমেন্টের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল। 

বৈঠকে বাংলাদেশি বন্দিদের বিভিন্ন বাস্তব সমস্যা তুলে ধরা হলে সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে মালয়েশিয়ার কারা কর্তৃপক্ষ।

বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, বুধবার (২২ জুলাই) হাইকমিশনের মিনিস্টার লেবার সিদ্দিকুর রহমানের নেতৃত্বে মালয়েশিয়ার প্রিজন ডিপার্টমেন্টে পূর্বনির্ধারিত এ বৈঠক অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে নেতৃত্ব দেন প্রিজন ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনার জেনারেল অব প্রিজন মি. হাফিজ বিন ওসমান। এ সময় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বৈঠকে মালয়েশিয়ার বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশি নাগরিকদের সার্বিক অবস্থা, তাদের মানবিক সহায়তা, কনস্যুলার সেবা, যোগাযোগের সুযোগ, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিনিধি দল বাংলাদেশি বন্দিদের কল্যাণ নিশ্চিত করতে কয়েকটি প্রস্তাব উপস্থাপন করে এবং বিভিন্ন বাস্তব সমস্যার বিষয়টি কারা কর্তৃপক্ষের নজরে আনেন। 

প্রিজন বিভাগের কর্মকর্তারা প্রতিনিধি দলের উপস্থাপিত বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন এবং প্রতিটি প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।  

তারা জানান, বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে সমন্বয় বজায় রেখে বাংলাদেশি বন্দিদের কল্যাণে যেসব বিষয়ে ব্যবস্থা নেওয়া সম্ভব, সেগুলো সক্রিয়ভাবে পর্যালোচনা করা হবে।

বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে দেশটির সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবেই প্রিজন ডিপার্টমেন্টের সঙ্গে এই বৈঠকের আয়োজন করা হয়।

কূটনৈতিক সূত্রগুলোর মতে, এ ধরনের বৈঠক দুদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা আরও জোরদার করবে এবং মালয়েশিয়ার বিভিন্ন কারাগারে থাকা বাংলাদেশি বন্দিদের সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধানে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যতেও বন্দিদের কল্যাণ ও কনস্যুলার সেবা আরও উন্নত করতে বাংলাদেশ হাইকমিশন প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম