প্রতিমন্ত্রী আমিনুল হক
প্রধানমন্ত্রীর নির্দেশনায় ৪৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ নির্মাণ হবে
Advertisement
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১০:৫৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে, প্রতি ইউনিয়নে একটি করে খেলার উপযোগী মাঠ তৈরি করা হবে। যাতে আমাদের কিশোর কিশোরীদের জন্য খেলার একটি ব্যবস্থা করে দিতে পারি। পাশাপাশি আমাদের বিশেষ চাহিদাসম্পন্ন যারা ক্রীড়াবিদ রয়েছেন তাদের জন্য খেলার আয়োজন ইতোমধ্যে আমরা শুরু করেছি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিশু-কিশোরদের জন্য ৪ হাজার ৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ নির্মাণ হবে।
শুক্রবার বিকালে গাজীপুরের কালিয়াকৈরের পূর্বচান্দরা খেলার মাঠে বাংলাদেশ টেপবল ক্রিকেট বোর্ড (বিটিসিবি) আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা সারা বাংলাদেশের ৬৪টি জেলাতে স্পোর্টস ভিলেজ তৈরি করছি। আমরা এই অর্থবছরে ১০টি অঞ্চলে ১০ জেলায় স্পোর্টস ভিলেজ তৈরি করব। আমরা আশাকরি খেলাধুলার মাধ্যমে আমাদের রাজনৈতিক প্রতিহিংসা দূর করে আন্তরিকতার সহিদ একটি মানবিক রাষ্ট্র এবং আমরা চাই রাজনৈতিকভাবে যাতে গুণগত পরিবর্তন হয়- সেটির অন্যতম মাধ্যম হবে খেলাধুলা।
পূর্বচান্দরা স্পোর্টিং ক্লাবের আয়োজনে বিএনপি নেতা সাইজুদ্দিন আহম্মেদের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবর রহমান, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম ফখরুল হোসাইন, বাংলাদেশ টেপবল ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান সারোয়ার হোসেন আকুল, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ।
বাংলাদেশ টেপবল ক্রিকেট বোর্ড আয়োজিত গ্রান্ড ফাইনাল ম্যাচে টিম গ্যালাক্সি কুড়িগ্রাম ও রোজার রাইডার্স কুষ্টিয়া প্রতিদ্বন্দ্বিতা করে। খেলার প্রথমার্ধে ব্যাটিংয়ে নামে টিম গ্যালাক্সি। নির্ধারিত ২০ ওভারে তাদের সংগ্রহ ২৫৬ রান। জবাবে রোজার রাইডার্স কুষ্টিয়া ব্যাট করতে নেমে তাদের সংগ্রহ ২৪৪ রান। এতে ১২ রানের ব্যবধানে ম্যাচ বিজয়ী হয়েছে টিম গ্যালাক্সি কুড়িগ্রাম।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
