এসইএমইতে রয়্যাল ফুটওয়্যার
দুই বছর পর পুঁজিবাজারে নতুন কোম্পানি
Advertisement
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রায় দুই বছর বন্ধ থাকার পর পুঁজিবাজারে আসছে নতুন কোম্পানি। এসএমই খাতের এ প্রতিষ্ঠানটির নাম রয়্যাল ফুটওয়্যার। কোম্পানিটি জুতা তৈরি করে। তারা বিনিয়োগকারীদের কাছ থেকে (কিউআইও) ১২ কোটি টাকা নেবে। সম্প্রতি কোম্পানির প্রস্তাব অনুমোদন করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। উদ্যোক্তাদের দাবি, প্রতিষ্ঠানটি শতভাগ রপ্তানিমুখী। এর আগে ‘দুয়ার’ নামে একটি আইটি কোম্পানির পুঁজিবাজারে তালিকাভুক্তির আবেদন বাতিল করে কমিশন।
বিএসইসির তথ্য অনুসারে, রয়্যাল ফুটওয়্যারকে ১২ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি প্রতিটি ১০ টাকা মূল্যের এক কোটি ২০ লাখ সাধারণ শেয়ার কেবল যোগ্য বিনিয়োগকারীদের কাছে ইস্যু করবে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অর্ধবার্ষিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৮২ পয়সা। প্রতি শেয়ারের বিপরীতে সম্পদমূল্য (এনএভি) ২৭ দশমিক ৫৪ টাকা।
কোম্পানিটির প্রসপেক্টাস মূল্যায়ন করে দেখা গেছে, ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানির বিক্রির পরিমাণ (সেল) ছিল ৫৯ কোটি ৫৩ লাখ।
২০২৪ সালে বেড়ে ১১২ কোটি ৩২ লাখ টাকায় উন্নীত হয়। তবে ২০২৫ সালে তা কমে ৯২ কোটি ২৪ লাখ টাকায় নেমেছে। তবে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত মুনাফা বেড়েছে। আবার ২০২৪ সালে কর-পরবর্তী মুনাফা ছিল ছয় কোটি ৭১ লাখ টাকা। ২০২৫ সালে তা কমে দাঁড়ায় পাঁচ কোটি ৩৯ লাখ টাকা। তবে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ছয় মাসে কর-পরবর্তী মুনাফা হয়েছে দুই কোটি ৭৮ লাখ টাকা। কোম্পানির হিসাবে, এ ছয় মাসের মুনাফা আগের বছরের একই সময়ের চেয়ে ২৪ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রয়্যাল ফুটওয়্যারের মোট সম্পদ ১৬২ কোটি ৩৮ লাখ টাকা। এর মধ্যে স্থায়ী সম্পদ ৭৯ কোটি ৩৫ লাখ টাকা এবং চলতি সম্পদ ৮৩ কোটি তিন লাখ টাকা। চলতি সম্পদের মধ্যে সবচেয়ে বড় অংশ মজুত পণ্য ৫০ কোটি ৯২ লাখ টাকা। এছাড়া কোম্পানির হাতে নগদ ও নগদ সমতুল্য রয়েছে ২০ কোটি ২৫ লাখ টাকা। তবে কোম্পানিটির আর্থিক কাঠামোর গুরুত্বপূর্ণ দিক হলো ঋণ। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট দায় ৬৯ কোটি ১১ লাখ টাকা। এর মধ্যে স্বল্পমেয়াদি ঋণই প্রায় ৫১ কোটি ৬৩ লাখ টাকা। দীর্ঘমেয়াদি ঋণ ও অন্যান্য ঋণসহ বহিস্থ অর্থায়নের পরিমাণ প্রায় ৫৫ কোটি ৭৪ লাখ টাকা।
গাজীপুরের টঙ্গীতে কোম্পানির ৭ তলা কারখানা ভবনসহ ১১৪ দশমিক ৩৮ ডেসিমেল এবং আশুলিয়ায় ১১৮ দশমিক ৩৫ ডেসিমেল জমি রয়েছে। কোম্পানিৃত ৬ শতাধিক শ্রমিক কাজ করছে। কোম্পানির চেয়ারম্যান মো. জাকির হোসেন পাটোয়ারী জানান, আমরা দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ফুটওয়্যার খাতে কাজ করছি। বর্তমানে পণ্যের চাহিদা বহুগুণ বেড়েছে। উৎপাদন ক্ষমতা দ্বিগুণ করতে এবং নতুন বাজার ধরতে আমাদের অতিরিক্ত মূলধন প্রয়োজন। তিনি বলেন, বর্তমানে রয়্যাল ফুটওয়্যার জার্মানি, ইতালি, পোল্যান্ড, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক মানের ফুটওয়্যার রপ্তানি করছে। কোম্পানির মহাব্যবস্থাপক মো. শামসুল ইসলাম চৌধুরী বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্তির মাধ্যমে আর্থিক সচ্ছতা, স্বাধীন নিরীক্ষা ও জবাবদিহিতা বাড়বে। ইউরোপের ক্রেতাদের কাছে কমপ্লায়েন্স ও করপোরেট গভর্ন্যান্সের গুরুত্ব অনেক বেশি। ফলে এ তালিকাভুক্তি বৈশ্বিক ক্রেতাদের কাছে কোম্পানির গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে দেবে।
