হাসিনা যে ভাষায় কথা বলতেন, বিরোধী দলের নেতারাও সেই ভাষায় কথা বলছেন: মির্জা ফখরুল
রংপুর ব্যুরো
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৮:৫৫ পিএম
রংপুর শিল্পকলা একাডেমিতে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন আমরা লক্ষ্য করছি- বিগত সময়ে স্বৈরাচার হাসিনা যে ভাষায় কথা বলতেন, দেশের বিরোধী দলের নেতারাও সেই ভাষায় কথা বলছেন।
তিনি বলেন, তারা কথায় কথায় বলছেন- করতে দেব না, চলতে দেব না, কাজ করতে পারবেন না। অথচ আমাদের সরকারের বয়স হয়েছে মাত্র ৪-৫ মাস। এর মধ্যে দেশে বহু পরিবর্তন এনেছে সরকার। সরকারকে সুযোগ দিন, দেশের উন্নয়নে কাজ হবে।
রোববার (৯ আগস্ট) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা লাভ শেয়ার বিডি আয়োজিত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশে বড় পরিবর্তন এসেছে। ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে, এখন দেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ এসেছে। অতীতে মানুষের কথা বলার ও লেখার স্বাধীনতা ছিল না। বর্তমানে গণমাধ্যম স্বাধীনভাবে সত্য-মিথ্যা সবকিছু লেখতে পারছে।
তিনি বলেন, ফ্যাসিস্ট শাসনের সময় প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। ২০ হাজার মানুষকে হত্যা এবং ১ হাজার ৭০০ মানুষকে গুম করা হয়েছিল। ২০২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্র, নারী ও শিশুসহ বহু মানুষ নিহত হয়েছেন। গত ১৭ বছরে লাখ লাখ মামলা, হাজার হাজার গুম ও হত্যার ঘটনা ঘটেছে।
সরকারের বিভিন্ন প্রতিশ্রুতির বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমান নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, সেগুলো একটি একটি করে বাস্তবায়ন করা হচ্ছে। জনগণের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের একটি বিরোধী দল আছে। দুর্ভাগ্যক্রমে তারা আগের মতো কার্যক্রম শুরু করেছেন। তারা আবার হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছেন।
মির্জা ফখরুল বলেন, আমরা মেজরিটি আসন পেয়েছি। আমাদের দেশ চালাতে দেন। আমরা যদি ব্যর্থ হই, তাহলে পরে কথা বলবেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যেই গ্যাস সংকটের সমাধান হবে। একই সঙ্গে দ্রব্যমূল্য কিছুটা বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, জাহাজের পরিবহণ খরচ বেড়ে যাওয়ার কারণে পণ্যের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।
লাভ শেয়ার বিডির পরিচালক জাহিদ খানের সভাপতিত্বে অনষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সী, রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন প্রমুখ।

