Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

ঢাকা-রিয়াদ রুটে প্রতিদিন সরাসরি ফ্লাইট চালু করল রিয়াদ এয়ার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১১:৫৭ পিএম

ঢাকা-রিয়াদ রুটে প্রতিদিন সরাসরি ফ্লাইট চালু করল রিয়াদ এয়ার

ঢাকা-রিয়াদ রুটে প্রতিদিন সরাসরি ফ্লাইট চালু করেছে সৌদি আরবের নতুন বিমান সংস্থা রিয়াদ এয়ার।

Advertisement

ঢাকা-রিয়াদ রুটে প্রতিদিন সরাসরি ফ্লাইট চালু করেছে সৌদি আরবের নতুন বিমান সংস্থা রিয়াদ এয়ার। গত ৭ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে এই রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে প্রতিষ্ঠানটি।

রিয়াদ এয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ১০ জুন যাত্রা শুরুর মাত্র আট সপ্তাহের মধ্যেই তারা তাদের নবম আন্তর্জাতিক গন্তব্য হিসেবে ঢাকাকে নেটওয়ার্কে যুক্ত করেছে। এ মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

রিয়াদ এয়ারের ঢাকা-রিয়াদ রুটের উদ্বোধনী ফ্লাইটটি গত শনিবার সকালে ঢাকায় অবতরণ করে। এর আগে শুক্রবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে ছেড়ে এসে পরদিন সকালে ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। নতুন এই রুটে প্রতিদিন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ চলাচল করবে।

ব্যবসা, পর্যটন ও ধর্মীয় ভ্রমণে সুবিধা

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকের প্রাক্কলন (হিসাব) অনুযায়ী মধ্যপ্রাচ্য অঞ্চলে যাত্রী পরিবহনের দিক থেকে বাংলাদেশ-সৌদি আরব রুটটির অবস্থান নবম। মূলত ক্রমবর্ধমান যাত্রী চাহিদার প্রেক্ষাপটেই নতুন এই রুট চালু করা হয়েছে।

রিয়াদ এয়ারের এই সরাসরি ফ্লাইট চালুর ফলে বাংলাদেশি যাত্রীদের ব্যবসা, সাধারণ ভ্রমণ, ওমরাহ ও হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়া আরও সহজ হবে। পাশাপাশি সৌদি আরবের নাগরিক ও পর্যটকেরাও সহজে বাংলাদেশে ভ্রমণের সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের বাণিজ্যিক, বিনিয়োগ, ধর্মীয় পর্যটন ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। নতুন এই রুট চালুর ফলে জ্বালানি, লজিস্টিকস (পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থা), কৃষি, প্রযুক্তি, অবকাঠামোসহ বিভিন্ন খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।  

ঢাকা থেকে সংযোগকারী ফ্লাইট

নতুন এই সেবার মাধ্যমে রিয়াদ ও ঢাকার মধ্যে প্রতিদিন সরাসরি উড়োজাহাজ যোগাযোগ বজায় থাকবে। রিয়াদ এয়ারের ক্রমবর্ধমান নেটওয়ার্কের মাধ্যমে জেদ্দাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ গন্তব্যে সংযোগকারী (কানেক্টিং) ফ্লাইটে ভ্রমণের সুযোগও থাকবে।

রিয়াদ এয়ার জানিয়েছে, এই রুটে ব্যবহৃত বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে যাত্রীদের জন্য প্রিমিয়াম সিটিং, আধুনিক বিনোদনব্যবস্থা এবং বিশেষ সৌদি আতিথেয়তার সুবিধা থাকবে।

যাত্রীরা রিয়াদ এয়ারের অ্যাপ, ওয়েবসাইট অথবা অনুমোদিত ট্রাভেল এজেন্ট ও প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিট বুক করতে পারবেন। এ ছাড়া রিয়াদ এয়ারের লয়্যালটি প্রোগ্রামের আওতায় ‘স্ফিয়ার’-এর ‘ফাউন্ডিং মেম্বার’ হিসেবে নিবন্ধন করলে যাত্রীরা প্রথম যাত্রা থেকে ‘সেরা অফার’, ফ্লাইটে বিনা মূল্যে ওয়াই-ফাই সেবাসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার পাওয়ার সুযোগ পাবেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম