Logo
Logo
×
   

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোট হবে যেভাবে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৩:২০ পিএম

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোট হবে যেভাবে

ফাইল ছবি

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২০ আগস্ট বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মোট ভোটার হিসেবে থাকছেন ৩৪৯ জন সংসদ সদস্য।

বুধবার (১১ আগস্ট) জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা নির্ধারিত ভোটকেন্দ্রে গিয়ে প্রার্থীর নাম লিখে ভোট দেবেন। ভোটগ্রহণ শেষ হওয়ার পর ফলাফল প্রস্তুত করে তা প্রকাশ করা হবে। 

এর আগে জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় প্রতিনিধিসহ নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। 

চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া, বাছাই করা এবং প্রত্যাহারের একটা তারিখ আছে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ আগস্ট। প্রত্যাহারেরও শেষ তারিখ ১৮ আগস্ট। এরপর আমরা নির্বাচন করব।

তিনি বলেন, আমাদের বিএনপি দলীয় প্রার্থী আমরা এখনও চূড়ান্ত করিনি। প্রধানমন্ত্রীকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং আমাদের দল থেকে প্রার্থীর নাম ঘোষণা করবেন।

বিরোধী দল থেকেও একজন প্রার্থী দেওয়ার কথা জানিয়ে চিফ হুইপ বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আজকে আমরা বসেছিলাম। বিরোধীদলীয় চিফ হুইপ, আমরা, নির্বাচন কমিশনের কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা স্পিকারের সভাপতিত্বে বৈঠক করেছি।

ভোটগ্রহণের পদ্ধতি সম্পর্কে চিফ হুইপ বলেন, বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত নির্বাচন হবে। সংসদ সদস্যরা তাদের আসন নম্বর অনুযায়ী ভোট দেবেন। ভোটের ব্যালটে প্রার্থীর নামের সামনে ভোট দিতে হবে। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .