Logo
Logo
×
   

জাতীয়

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় কঠোর পদক্ষেপ চায় ড্যাব

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৯:৫৭ পিএম

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় কঠোর পদক্ষেপ চায় ড্যাব

হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর একের পর এক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। এসব হামলা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা, জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার (১৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় ড্যাব। ঢাকা মেডিকেল কলেজের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলার প্রতিবাদ এবং চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ড্যাব মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল লিখিত বক্তব্যে বলেন, গত ১৭ আগস্ট রাজধানীর শান্তিনগরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে একদল বহিরাগত অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

এর মাত্র দুই দিন আগে, ১৫ আগস্ট মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মোশাররফ হোসেন ও এক ওয়ার্ডবয় মারধরের শিকার হন। ড্যাবের দাবি, চলতি বছর কুমিল্লা, রংপুর, শরীয়তপুর, চট্টগ্রাম, দিনাজপুর ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

সংগঠনটি বলছে, শুধু বড় হাসপাতাল নয়— জেলা ও উপজেলা হাসপাতাল, ক্লিনিক এবং ব্যক্তিগত চেম্বারেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিয়মিত হামলা ও হুমকির মুখে পড়ছেন। অনেক ঘটনাই আবার প্রকাশ্যে আসে না।

ড্যাবের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের একটি গবেষণায় অংশ নেওয়া ৬০০ চিকিৎসকের মধ্যে ৫৫ শতাংশ কর্মজীবনে কোনো না কোনো ধরনের সহিংসতার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাদের মধ্যে ১৭ দশমিক ১ শতাংশ শারীরিক এবং ৮২ দশমিক ৯ শতাংশ মৌখিক নির্যাতনের শিকার হয়েছেন।

ড্যাব নেতারা বলেন, রোগীর মৃত্যু স্বজনদের জন্য নিঃসন্দেহে অত্যন্ত কষ্টদায়ক। চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ থাকলে তা তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা উচিত। কিন্তু কোনো পরিস্থিতিতেই আইন নিজের হাতে তুলে নিয়ে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর ওপর হামলা গ্রহণযোগ্য নয়।

চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, পর্যাপ্ত নিরাপত্তাকর্মী নিয়োগ, সিসিটিভি স্থাপন এবং জরুরি বিভাগে নিয়মিত পুলিশি টহলের দাবি জানিয়েছে ড্যাব। একই সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় পৃথক আইন প্রণয়নেরও আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে ড্যাব নেতারা বলেন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন, করোনা মহামারি থেকে শুরু করে বিভিন্ন সংকট ও দুর্যোগে চিকিৎসকরা মানুষের পাশে দাঁড়িয়েছেন। অথচ কর্মক্ষেত্রেই যদি তাদের নিরাপত্তা নিশ্চিত না হয়, তাহলে নিরাপদ স্বাস্থ্যসেবা ব্যবস্থাও বাধাগ্রস্ত হবে।

সংগঠনটির পক্ষ থেকে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, সহ-সভাপতি আবুল কেনান ও মোস্তাক রহিম স্বপন, ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন, ইএনটি হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. হাসান জাফরসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম