Logo
Logo
×
   

জাতীয়

এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা, সভাপতি শহীদুজ্জামান-মহাসচিব মোয়াজ্জেম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৯:৪৮ এএম

এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা, সভাপতি শহীদুজ্জামান-মহাসচিব মোয়াজ্জেম

সাহিদুজ্জামান টরিককে সভাপতি এবং মোয়াজ্জেম এইচ চৌধুরী। ফাইল ছবি

চুয়াডাঙ্গার কৃতিসন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহা.সাহিদুজ্জামান টরিক আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রবাসী ও নন-রেসিডেন্ট বাংলাদেশিদের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন এনআরবি ওয়ার্ল্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন।

২০২৬–২০২৮ মেয়াদের জন্য ঘোষিত নতুন নির্বাহী কমিটিতে সাহিদুজ্জামান টরিককে সভাপতি এবং মোয়াজ্জেম এইচ চৌধুরীকে সেক্রেটারি জেনারেল নির্বাচিত করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি উদ্যোক্তা, ব্যবসায়ী, পেশাজীবী, বিনিয়োগকারী, শিক্ষাবিদ ও কমিউনিটি নেতাদের সমন্বয়ে গঠিত নতুন নেতৃত্ব আগামী দুই বছর সংগঠনটির কার্যক্রম পরিচালনা করবে।

সাহিদুজ্জামান টরিকের এই গুরুত্বপূর্ণ নেতৃত্বে আসা চুয়াডাঙ্গাবাসীর জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি জেলা চুয়াডাঙ্গা থেকে উঠে এসে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশি প্রবাসী সমাজের নেতৃত্ব দেওয়া নিঃসন্দেহে জেলার তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার।

নতুন নেতৃত্বের অন্যতম লক্ষ্য হলো বিশ্বের বিভিন্ন দেশে থাকা নন-রেসিডেন্ট বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করা, বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সৃষ্টি, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং প্রবাসী বাংলাদেশিদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে দেশের উন্নয়নে কাজে লাগানো।

এনআরবি ওয়ার্ল্ডের নতুন কমিটি আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণ, বিনিয়োগ ও ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং বাংলাদেশের সঙ্গে বৈশ্বিক বাংলাদেশি কমিউনিটির অর্থনৈতিক ও পেশাগত সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেবে।

নতুন কমিটির একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হলো এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬, যা আগামী ২৮–২৯ ডিসেম্বর ২০২৬ ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্তের বাংলাদেশি উদ্যোক্তা, বিনিয়োগকারী, পেশাজীবী, নীতিনির্ধারক ও বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা, বিনিয়োগ ও ব্যবসায়িক অংশীদারত্বের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

চুয়াডাঙ্গার সন্তান সাহিদুজ্জামান টরিকের এই অর্জনে চুয়াডাঙ্গার মানুষ গর্বিত। তার নেতৃত্বে এনআরবি ওয়ার্ল্ড আরও এগিয়ে যাবে এবং বিশ্বব্যাপী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও দেশের প্রতি দায়বদ্ধতা আরও সুদৃঢ় হবে—এমন প্রত্যাশা চুয়াডাঙ্গাবাসীর।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম