Logo
Logo
×
   

জাতীয়

গুম প্রতিরোধ বিল

সংসদীয় কমিটির বৈঠক থেকে বিরোধী দলের ওয়াকআউট

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৮:০২ পিএম

সংসদীয় কমিটির বৈঠক থেকে বিরোধী দলের ওয়াকআউট

স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল নিয়েও আলোচনায় অংশ নেননি বিরোধী দলের সংসদ সদস্যরা। 

রোববার বিকালে জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠক থেকে তারা ওয়াকআউট করেছেন।

এর আগে সকালে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে জাতীয় মানবাধিকার কমিশন বিল নিয়েও আলোচনায় অংশ নেওয়া থেকে বিরত থাকেন বিরোধী দলের সদস্যরা।

গত বৃহস্পতিবার গুম প্রতিরোধ ও প্রতিকার বিল এবং জাতীয় মানবাধিকার কমিশন বিল জাতীয় সংসদে তোলা হয়েছিল। 

বিল দুটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য যথাক্রমে স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যোগ দিয়ে আলোচনা শুরুর আগে ওয়াকআউট করেন কমিটির দুজন বিরোধী দলীয় সদস্য। 

তারা হলেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নূরুল ইসলাম ও আবদুল বাতেন। 

বৈঠক সূত্র জানায়, ওয়াকআউট করার আগে এ দুজন বৈঠকে বলেন, জাতীয় সংসদে এ বিলটি উত্থাপনের বিরোধিতা করে সংসদ থেকে ওয়াকআউট করেছিলেন তারা। এর অংশ হিসেবে সংসদীয় কমিটির বৈঠকও তারা বর্জন করবেন।

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠক থেকে কমিটির সদস্য মো. নূরুল ইসলাম এবং মো. আবদুল বাতেন ওয়াকআউট করেন। এ বিষয়ে কমিটির সভাপতি জয়নুল আবেদীন বৈঠকে বলেন, ‘কমিটির সদস্য হিসেবে কোনো সংশোধনী বা মতামত থাকলে তা সভায় উপস্থাপন করা, পরামর্শ দেওয়া এবং প্রয়োজন হলে বিরোধিতা করার সুযোগ রয়েছে। এটিই কমিটির সদস্যদের দায়িত্ব। তবে সভা থেকে ওয়াকআউট করা সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম