১৪৯৮ পর্যটন কেন্দ্র নিয়ে মহাপরিকল্পনা: পর্যটনমন্ত্রী
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৯:১৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দেশের প্রায় ১ হাজার ৪৯৮টি পর্যটন কেন্দ্র চিহ্নিত করে সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা (মাস্টার প্ল্যান) চূড়ান্ত করার কাজ চলছে। একই সঙ্গে জাতীয় পর্যটন নীতিমালা-২০২৬ প্রণয়নের কাজও শুরু হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
আজ রোববার জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলের সদস্য শওকত আরা আক্তারের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান মন্ত্রী।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, পর্যটন খাতের তথ্যের ঘাটতি দূর করে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে।
তিনি জানান, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটিভিত্তিক পর্যটন মডেলে বিভিন্ন পর্যটন স্পট উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটকদের নিরাপত্তা আরও জোরদার করতে ট্যুরিস্ট পুলিশের জনবল বাড়ানোর উদ্যোগও গ্রহণ করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে ব্র্যান্ডিং করার লক্ষ্যে ‘বিউটিফুল বাংলাদেশ’ ওয়েবসাইট তৈরির কার্যক্রম চলমান রয়েছে।
তিনি বলেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের পর্যটন খাতকে আরও পরিকল্পিত, টেকসই ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তোলার পাশাপাশি পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য হিসেবে বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে তুলে ধরা সম্ভব হবে।
