বাগেরহাটে প্রকাশ্যে বিকাশ পরিবেশকের টাকা ছিনতাই
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাগেরহাটে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের ভয় দেখিয়ে বিকাশ পরিবেশক সেলস অফিসার সানি জাবির বাঁধনের কাছ থেকে দুই লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার ভদ্রপাড়া গ্রামের হেরেমের মোড়ে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় বিকাশের স্থানীয় পরিবেশক বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে পুলিশ টাকা ছিনতাইকারীদের এখনো চিহ্নিত করতে পারেনি।
বাগেরহাটে বিকাশের পরিবেশক মেসার্স জাবেদ এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবীর কুদরতী জানান, তাদের সেলস অফিসার সানি জাবির বাঁধন বৃহস্পতিবার সকালে অফিস থেকে ব্যাগে নগদ তিন লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়ার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে তিনটি মোটরসাইকেলে থাকা ছয় ব্যক্তি সেলস অফিসার সানি জাবিরকে বাগেরহাট সদরের ভদ্রপাড়া গ্রামের হেরেমের মোড়ে গতিরোধ করে দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় তার কাছে ব্যাগে থাকা টাকা ও একটি মুঠোফোন ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। ছিনতাইয়ের ঘটনা জানানোর পর পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন জানান, বিকাশের স্থানীয় পরিবেশকের দুই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ছিনতাইকারী কারা তাদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
