Logo
Logo
×
   

জাতীয়

টঙ্গীতে নূরুল ইসলাম হত্যা মামলায় ৪ আসামি গ্রেফতার

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পিএম

টঙ্গীতে নূরুল ইসলাম হত্যা মামলায় ৪ আসামি গ্রেফতার

টঙ্গীতে নূরুল ইসলাম হত্যা মামলার চার আসামি গ্রেফতার: ছবি যুগান্তর

গাজীপুরের টঙ্গীতে মাদকসংক্রান্ত বিরোধে আলোচিত নূরুল ইসলাম হত্যা মামলার চার আসামিকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। বুধবার গভীর রাতে টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- টঙ্গীর পাগার এলাকার মৃত আলম খানের ছেলে নূরুল ইসলাম খান ওরফে খান বাবু (৩৯), নূরুল ইসলাম খানের ছেলে তরিকুল ইসলাম জিহাদ (২১), ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার বালিয়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে মামুন (২৬) ও রংপুর জেলার কাউনিয়া থানার হারাগাছ গ্রামের মৃত লাবলু মিয়ার ছেলে আরাফাত রহমান জনি (২৮)।

পুলিশ জানায়, মাদকসংক্রান্ত বিরোধের জের ধরে গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে টঙ্গীর গোপালপুর এলাকা থেকে নূরুল ইসলামকে তুলে নিয়ে টঙ্গী গোপালপুর বালুর মাঠ এলাকায় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে ও এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে তার প্রতিপক্ষরা। পরে তাকে সহযোগীদের মাধ্যমে সিএনজি অটোরিকশাযোগে চিকিৎসার জন্য টঙ্গী হাসপাতালে প্রেরণ করে। ওই সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছোট বোন নুরজাহান আক্তার বাদী হয়ে  বুধবার রাতে  থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  পরে  বুধবার  রাতেই টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি খান বাবুসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ ।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি  মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, এজাহারভুক্ত তিনজন ও তদন্তেপ্রাপ্ত একজনসহ মোট চারজনকে গ্রেফতার করে বৃহস্পতিবার গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলমান আছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম