প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পিএম
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, পাইলট প্রকল্পে সফলতা পাওয়ায় ২০২৭ সাল থেকে দেশের প্রায় ৬৬ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে প্রতিদিন একবেলা পুষ্টিকর খাবার দেওয়ার পরিকল্পনা করছে সরকার। বর্তমানে ১৫০টির বেশি উপজেলায় ৩০ লাখের বেশি শিক্ষার্থী এ কর্মসূচির আওতায় রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে খুলনা নগরীর একটি হোটেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি বিষয়ে ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
খুলনার পাইকগাছা উপজেলার ১৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে ওই সভা হয়। সভায় কর্মসূচি বাস্তবায়ন, খাদ্য সরবরাহ, এর মান নিয়ন্ত্রণ এবং মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও তা সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, পাইলট প্রকল্পের শুরুতে খাবারের সরবরাহ ও মান নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছিল। তবে এখন এসব সমস্যার সমাধান করে নিয়মিত ও ভালো মানের খাবার সরবরাহ করা হচ্ছে।
রাজনৈতিক প্রভাব বা মিথ্যা তথ্য দিয়ে নিয়োগ পাওয়া শিক্ষকদের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে প্রমাণভিত্তিকভাবে বিষয়টি যাচাই করা প্রয়োজন। সরকার কোনো ধরনের হয়রানিতে বিশ্বাস করে না। শিক্ষকদের অতীত না খুঁজে বর্তমান কর্মদক্ষতার ওপর গুরুত্ব দেওয়া হবে।
শিক্ষকদের পে-স্কেল প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নতুন শিক্ষক নীতিমালা প্রণয়নের কাজ করছে। এটি হলে প্রাথমিক বিদ্যালয়ের কোনো শিক্ষক নিরাশ হবেন না।

-6a999bc2757ab.jpg)