Logo
Logo
×
   

জাতীয়

ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে কার্যকরী ভূমিকা রাখছে: শামা ওবায়েদ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পিএম

ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে কার্যকরী ভূমিকা রাখছে: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, নারীর সমঅধিকার, ক্ষমতায়ন ও মর্যাদা নিশ্চিত করতে বর্তমান সরকার কার্যকর অবস্থানে রয়েছে। বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে নারীর অবদান অপরিসীম উল্লেখ করে তিনি বলেন, নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড কার্যকরী ভূমিকা রাখছে। 

বৃহস্পতিবার আন্তর্জাতিক  সিডও দিবস-২০২৬ উপলক্ষ্যে রাজধানীর সিরডাপ মিলনায়তনে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিষদের আন্তর্জাতিক উপ-পরিষদের সদস্য লুনা নূর। বক্তব্য দেন সিটিজেনস প্ল্যাটফর্ম ফর এসডিজিস’র আহ্বায়ক ও সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

সামাজিকভাবে নারীর অবস্থান কখনোই কাঙ্খিভাবে সমুন্নত হয়নি উল্লে­খ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অভ্যুত্থান ও রাজনৈতিক পটপরিবর্তন হলেও সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়েনি। নতুন নারী নেতৃত্বও নিজেদের অধিকার নিয়ে এখনো খুব একটা সরব নয়।

মূল প্রবন্ধে বলা হয়, উত্তরাধিকার ও সম্পদ-সম্পত্তিতে নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত না করে শুধু নীতিকথা বা সচেতনতা দিয়ে নারীর অধিকার অর্জন সম্ভব নয়। মহিলা পরিষদের মতে, সম্পত্তির মালিকানা নারীর অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক মর্যাদা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার সঙ্গে সরাসরি সম্পর্কিত।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, একজন নারীকে নানা বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে হয়। নারী উন্নয়নে রাষ্ট্র, সমাজ এমনকি পরিবার থেকেও সমর্থন থাকতে হবে। তাছাড়া নারীর নিজের নামে সম্পত্তি থাকলে পরিবার ও সমাজে তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ে। সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত নারী পারিবারিক নির্যাতন ও সহিংসতা সহ্য করতে বাধ্য হন।

সম্পত্তির মালিকানায় বঞ্চিত নারী: মহিলা পরিষদের পর্যবেক্ষণ অনুযায়ী, কৃষিতে নারীর অংশগ্রহণ বাড়লেও জমির ওপর নিয়ন্ত্রণ প্রায় নেই বললেই চলে। খাসজমি যৌথ নামে দেওয়ার নীতিমালা থাকলেও বাস্তবে অনেক ক্ষেত্রে নারীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় না। 

নারী উদ্যোক্তাদের ক্ষেত্রেও সম্পত্তির মালিকানা না থাকায় তাদের জন্য ব্যাংকঋণ পাওয়া কঠিন হয়ে পড়ে। মহিলা পরিষদের মতে, বর্তমান সরকার বৈষম্যহীন সমাজ গঠনের যে অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এসেছে, সেই অঙ্গীকার বাস্তবায়নে রাজনৈতিক উদ্যোগ নেওয়া প্রয়োজন।

পাঁচ দফা সুপারিশ: সম্পত্তিতে নারীর বৈষম্য দূর করতে পাঁচটি সুপারিশ তুলে ধরেছে মহিলা পরিষদ।  এর মধ্যে রয়েছে উত্তরাধিকারে নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করতে আইন সংস্কার, বিবাহিত জীবনে অর্জিত সম্পত্তি ও খাসজমিতে যৌথ মালিকানা বাধ্যতামূলক করা, নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ব্যাংকঋণ, সম্পত্তি থেকে বঞ্চিত নারীদের বিনামূল্যে আইনি সহায়তা এবং সামাজিক মানসিকতার পরিবর্তনে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা।

মতবিনিময় সভায় উইমেন ফর উইমেনের সভাপতি ও দীপ্ত ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাকিয়া কে হাসান, জাতীয় মহিলা আইনজীবী সমিতির উপদেষ্টা সালমা আলী, নারী প্রগতি সংঘের পরিচালক শাহনাজ সুমী, স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্টের প্রোগ্রাম কো-অর্ডিনেটর চন্দন লাহিড়ী এবং উইমেন উইথ ডিজঅ্যাবিলিটিস ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফুন নাহার মিষ্টি বক্তব্য দেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম