Logo
Logo
×
   

জাতীয়

মহার্ঘ ভাতা বাস্তবায়নের দাবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম

মহার্ঘ ভাতা বাস্তবায়নের দাবি

ফাইল ছবি

সাংবাদিকদের জন্য অনতিবিলম্বে দশম ওয়েজ বোর্ড গঠন, অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণা এবং বকেয়াসহ নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দৈনন্দিন ব্যয় বৃদ্ধির কারণে সাংবাদিক সমাজ তীব্র আর্থিক সংকটে রয়েছে। সরকার তাদের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ালেও সাংবাদিকদের কিছুই বাড়েনি। সাংবাদিকরা সবচেয়ে বেশি কষ্টে আছেন। সাংবাদিকরা যে বেতন পান, সেই বেতনে টিকে থাকা দুষ্কর হয়ে পড়েছে। তিনি বলেন, যেভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়িয়েছেন, অবিলম্বে সাংবাদিকদের জন্য দশম ওয়েজ বোর্ড গঠন, অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণা এবং বকেয়াসহ নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন করতে হবে। আমরা আশা করছি, এই সরকার সাংবাদিকবান্ধব সরকারের পরিচয় দেবেন। 

সমাবেশে এ সময় ডিইউজে’র সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, দেশে এখন নির্বাচিত সরকার এসেছে। তাদের কাছে আমরা চাই, আপনাদের সাংবাদিকদের পাশে দাঁড়াতে হবে। যেসব গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের প্রণোদনা দিতে হবে। দশম ওয়েজ বোর্ড গঠন করে, সেটা বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে। নইলে সাংবাদিক সমাজ রাজপথে নামতে বাধ্য হবে। ডিইউজের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তৃতা করেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, সাবেক সভাপতি মোরসালিন নোমানী প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম