কারাগার থেকে ঢামেকে নেওয়ার পর দুই বন্দির মৃত্যু
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে অসুস্থ হয়ে তিন বন্দির মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে পৃথক সময়ে অসুস্থ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অপর একজন।
মৃতরা হলেন—হাজতি বন্দি আবুল বাশার (৫৮), কয়েদি বন্দি আব্দুল কাইয়ুম (৬২) ও শাহাদাত হোসেন (৪৮)।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রোববার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে হাজতি আবুল বাশার কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর সকাল ৭টা ৩০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবুল বাশার চাঁদপুরের কচুয়া থানার কুটিয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সেকেন্দার আলী। তার হাজতি নম্বর ৩৫৮/২৬।
অন্যদিকে, সকাল ৮টার দিকে কয়েদি আব্দুল কাইয়ুম অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর সকাল ৯টা ২০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার কয়েদি নম্বর ৪৪১৮/এ। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম থানার পদুয়ার বাজার এলাকার বাসিন্দা। তার বাবার নাম দুদু মিয়া।
এদিকে, শাহাদাত হোসেনকে এর আগে গত ২৮ আগস্ট ঢামেক হাসপাতালের ৫০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল পৌনে ৯টার দিকে তার মৃত্যু হয়। তিনি রাজধানীর মিরপুর-২-এর বড়বাগ এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল কাদের।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক তিন বন্দির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কারাগার থেকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনার পর আবুল বাশার ও আব্দুল কাইয়ুমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর শাহাদাত হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আবুল বাশার ও আব্দুল কাইয়ুমের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
