Logo
Logo
×
   

জাতীয়

প্রধানমন্ত্রীর গাড়িবহরে প্রবেশ: গ্রেফতার সেই যুবক রিমান্ডে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পিএম

প্রধানমন্ত্রীর গাড়িবহরে প্রবেশ: গ্রেফতার সেই যুবক রিমান্ডে

মো. মহিবুল্লাহ মুবিনের নামে তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। সংগৃহীত ছবি

রাজধানীর ফার্মগেটে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা বেষ্টনীতে ঢুকতে যাওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া যুবককে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ওই ব্যক্তির নাম মো. মহিবুল্লাহ মুবিন (২৯)।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।

এর আগে আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুর রহমান।

রিমান্ড আবেদনে বলা হয়, মুবিনের সঙ্গে থাকা পলাতক সহযোগীদের পরিচয়, নাম-ঠিকানা ও অবস্থান শনাক্ত করা, তিনি কার নির্দেশে বা প্ররোচনায় ঘটনাস্থলে গিয়েছিলেন তা উদ্ঘাটন করা এবং ঘটনার আগে ও পরে কার কার সঙ্গে যোগাযোগ করেছিলেন, তা যাচাইয়ের জন্য তাকে সাত দিন পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এ ছাড়া জব্দ করা দুটি পাসপোর্টের মালিকানা ও ব্যবহারের কারণ, মোটরসাইকেলটি কোথা থেকে ঘটনাস্থলে আনা হয়েছিল এবং ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না, সেসব বিষয়ও তদন্তের স্বার্থে যাচাই করা প্রয়োজন বলে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন।

এদিকে আসামিপক্ষের আইনজীবী রবিউল ইসলাম জুয়েল রিমান্ড বাতিল করে জামিন চেয়ে শুনানিতে বলেন, আসামি সম্পূর্ণ নির্দোষ এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন।

তিনি বলেন, শখের বসে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য তিনি গাড়িবহরের সামনে গিয়েছিলেন। নাশকতা করার মতো কোনো জিনিসপত্র তার সঙ্গে ছিল না। শুধু প্রধানমন্ত্রীকে সরাসরি দেখার জন্য সেখানে গিয়েছিলেন। যে কোনো শর্তে আসামির জামিনের প্রার্থনা করছি।

এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বলেন, আসামি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। গত এক মাস ধরে তার ফেসবুক পোস্টে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পক্ষে কথা বলতে দেখা গেছে এবং বিভিন্ন ইস্যুতে তাদের পক্ষে লেখালেখিও করেছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৪টার দিকে তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়ায় কেআইবি অডিটোরিয়ামের সামনে থেকে মুবিনকে গ্রেফতার করা হয়। ওই সময় সেখানে 'বিএনপির প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য' শীর্ষক আলোচনা সভা চলছিল এবং প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানস্থলে প্রবেশ করছিলেন।

গ্রেফতারের সময় মুবিনের কাছ থেকে একটি ইয়ামাহা এফজেডএস-১৫০ সিসি মোটরসাইকেল, দুটি পাসপোর্ট, দুটি অপ্পো মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়। এ ঘটনায় তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম