মো. রেজাউল করিম বাদশা। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।
বাংলাদেশ সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে ত্রয়োদশ জাতীয় সংসদের চারটি গুরুত্বপূর্ণ স্থায়ী ও সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো হলো—কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পিটিশন কমিটি।
সোমবার (৭ সেপ্টেম্বর) সংবিধান ও কার্যপ্রণালি-বিধি অনুযায়ী সংসদ-নেতার অনুমতিক্রমে তার পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটিগুলোর প্রস্তাব উত্থাপন করেন। পরে স্পিকার পিটিশন কমিটি গঠন করেন।
জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধির বিধান অনুযায়ী ১০ সদস্যের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।
কমিটির অন্য সদস্যরা হলেন—গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী (যদি সংসদ সদস্য হন), আহম্মদ সোহেল মনজুর (পিরোজপুর-২), মো. লুৎফুজ্জামান বাবর (নেত্রকোনা-৪), মো. মোশারফ হোসেন (বগুড়া-৪), শেখ মজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫), এম মঞ্জুরুল করিম রনি (গাজীপুর-২), ফেরদৌসী আহমেদ (মহিলা আসন-২৩), মো. রুহুল আমিন (চুয়াডাঙ্গা-২) এবং মো. তাজউদ্দীন খান (মেহেরপুর-১)।
এদিকে ১২ সদস্যের কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে।
আট সদস্যের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ. এম. মাহবুব উদ্দিন।
অন্যদিকে নাগরিকদের পিটিশন পর্যালোচনা ও সংশ্লিষ্ট দায়িত্ব পালনের জন্য গঠিত ১০ সদস্যের পিটিশন কমিটির সভাপতিও হয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
