Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

পুলিশের গাড়ির নম্বর প্লেট নিয়েও সতর্কবার্তা

Advertisement

Icon

নেসারুল হক খোকন

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পিএম

পুলিশের গাড়ির নম্বর প্লেট নিয়েও সতর্কবার্তা

Advertisement

সড়কে আইন প্রয়োগ করে অন্যদের গাড়ির নম্বর প্লেট দৃশ্যমান ও স্পষ্ট রাখার তাগিদ দেয় পুলিশ। এবার সেই একই নির্দেশনা এসেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিজস্ব যানবাহন ও মোটরসাইকেলের ক্ষেত্রেও। সামনের ও পেছনের নম্বর প্লেট শতভাগ দৃশ্যমান ও স্পষ্ট রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো গাড়ির নম্বর প্লেটের স্টিকার পুরোনো কিংবা অস্পষ্ট হয়ে গেলে তা পরিবর্তন করে নতুন স্টিকার লাগাতেও বলা হয়েছে।

এ বিষয়ে ডিএমপির পরিবহন শাখা থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। গত ৬ সেপ্টেম্বর স্বাক্ষর করা ওই চিঠিতে ডিএমপির বিদ্যমান সব যানবাহন ও মোটরসাইকেলের নম্বর প্লেট দৃশ্যমান ও স্পষ্ট রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। একই সঙ্গে নতুন স্টিকার লাগানোর বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (পরিবহন) কাজী মাহবুবুল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ঢাকা মহানগর পুলিশে বিদ্যমান সব যানবাহন ও মোটরসাইকেলের সামনের ও পেছনের নম্বর প্লেট শতভাগ দৃশ্যমান এবং স্পষ্ট থাকা প্রয়োজন। মোটরযান আইনের আওতায় নম্বর প্লেট শতভাগ দৃশ্যমান ও স্পষ্ট না থাকলে আইন প্রয়োগের বিধান রয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় ডিএমপির সব যানবাহনে নম্বর প্লেট দৃশ্যমান ও স্পষ্ট রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে। চিঠিতে আরও বলা হয়, সম্প্রতি পরিবহন বিভাগের উদ্যোগে ডিএমপির বিদ্যমান সব যানবাহনের জন্য নতুন স্টিকার সরবরাহ করা হয়েছে। তবে কোনো যানবাহনের স্টিকার পুরোনো বা অস্পষ্ট হয়ে গেলে সংশ্লিষ্ট যানবাহনের দায়িত্বশীলদের পরিবহন বিভাগের সঙ্গে যোগাযোগ করে নতুন স্টিকার লাগাতে বলা হয়েছে। অর্থাৎ ডিএমপির গাড়িগুলোর নম্বর প্লেট যাতে দূর থেকেও সহজে শনাক্ত করা যায়, সে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

চিঠিটি ডিএমপির বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে। এর মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার এবং ডিটেকটিভ শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন।

নম্বর প্লেট নিয়ে কেন এই নির্দেশনা: নম্বর প্লেট একটি যানবাহনের পরিচয় শনাক্তের অন্যতম প্রধান মাধ্যম। সড়কে কোনো গাড়ি দুর্ঘটনা, অপরাধ কিংবা আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত হলে নম্বর প্লেটের মাধ্যমে সেটিকে শনাক্ত করা হয়। ফলে নম্বর প্লেট অস্পষ্ট হলে সংশ্লিষ্ট গাড়ি শনাক্তে জটিলতা তৈরি হতে পারে।

এ কারণেই সাধারণ যানবাহনের ক্ষেত্রে নম্বর প্লেট দৃশ্যমান ও স্পষ্ট রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। এবার ডিএমপির নিজস্ব বহরের ক্ষেত্রেও একই মানদণ্ড নিশ্চিত করতে লিখিত নির্দেশনা দেওয়া হলো।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম