Logo
Logo
×
   

জাতীয়

মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পিএম

মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

এক দশক আগে রাজধানীর বংশাল থানায় দায়ের করা মাদক মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক ফারজানা ইয়াসমিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শাহেদ হোসেন ও মনির হোসেন কুরবান। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুই আসামিই জামিনে ছিলেন। মঙ্গলবার শাহেদ আদালতে হাজির হলেও রায় ঘোষণার সময় তাকে ডেকে পাওয়া যায়নি। অন্যদিকে কুরবান অসুস্থ দাবি করে তার আইনজীবী সময় চেয়ে আবেদন করেন। আদালত আবেদনটি নামঞ্জুর করেন। পরে দুই আসামির জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৩০ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বংশাল থানার আগামাসি লেন এলাকায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালায়। ডিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও শাহেদ ও কুরবানকে আটক করা হয়।

এ সময় কুরবানের কাছ থেকে ৮০০টি এবং শাহেদের কাছ থেকে ৭০০টি মাদক হিসেবে ব্যবহৃত ‘ইনজেকশনের অ্যাম্পুল’ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিবির ডেমরা জোনাল টিমের এসআই এরশাদ হোসেন ওইদিনই বংশাল থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে একই বছরের ৩০ অক্টোবর দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন ডেমরা জোনাল টিমের আরেক এসআই ডি এম এ মজিদ।

২০১৬ সালের ১ ডিসেম্বর আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলার বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের ৯ জন সাক্ষীর মধ্যে চারজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি ও মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন আদালত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম