সংসদীয় কমিটিতে মন্ত্রী-হুইপদের রাখায় স্পিকারের উষ্মা
Advertisement
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পিএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় সংসদের সংসদীয় কমিটিতে প্রতিমন্ত্রী ও হুইপদের রাখা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার চিফ হুইপ নুরুল ইসলাম মনি পাঁচটি সংসদীয় কমিটি গঠন ও দুটি পুনর্গঠন করেন। এরপর তাকে উদ্দেশ করে বিষয়টি নিয়ে ভবিষ্যতে সতর্ক থাকতে অনুরোধ করেন স্পিকার।
গতকাল পর্যন্ত প্রতিমন্ত্রীর পদমর্যাদাধারী জাতীয় সংসদের সরকারদলীয় চারজন হুইপকে চারটি সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে। তাদের মধ্যে হুইপ রকিবুল ইসলাম বকুলকে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়, হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, হুইপ আখতারুজ্জামান মিয়াকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং হুইপ জি কে গউছকে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে। অন্যদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। রীতি অনুযায়ী সংসদ-সদস্য হলে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিজ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য করা হয়, এর বাইরে কোনো কমিটিতে তাদের রাখা হয় না।
চিফ হুইপকে উদ্দেশ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, একটি বিষয় আমি লক্ষ্য করেছি যে, এই কমিটিগুলো যখন গঠন করা হয়, স্পিরিট হলো কমিটির চেয়ারম্যান বেসরকারি সদস্য হবেন এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সদস্য হিসাবে থাকবেন। কিন্তু আমি লক্ষ্য করেছি কয়েকটি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী-হুইপ-এ ধরনের উচ্চপদস্থ এবং সরকারি সুযোগ-সুবিধাভোগী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে কোনো বাধা নেই। কিন্তু স্পিরিট এবং সংসদের প্রথা হলো বেসরকারি সদস্যরাই সভাপতি ও সদস্যপদে থাকবেন এবং মন্ত্রীও সদস্য হিসাবে থাকবেন। এই বিষয়টি ভবিষ্যতে কমিটি গঠনকালে বিবেচনা করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি।
পাঁচ কমিটি গঠন : এদিন ওই পাঁচটি সংসদীয় কমিটি গঠন ছাড়াও পানিসম্পদ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়। জাতীয় সংসদের চিফ হুইপ কমিটির নাম প্রস্তাব করেন। পরে কণ্ঠভোটে পাশ হয়। এই পাঁচ কমিটির সভাপতি পদে বিরোধী দল থেকে কাউকে রাখা হয়নি।
জাতীয় সংসদের ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত এবং ১১টি বিষয়ভিত্তিক। ইতোমধ্যে ৪৫টি কমিটি গঠন করা হয়েছে। যার মধ্যে ৩৬টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
এদিন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে নোয়াখালী-৪ আসনের সংসদ-সদস্য মো. শাহজাহানকে। তিনি বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটিরও সভাপতি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে এ কে এম ফজলুল হক মিলনকে। রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগার লবি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে এসএম রফিকুল ইসলামকে।
পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি থেকে একেএম ফজলুল হক মিলন ও মুন্সী রফিকুল আলমের বদলে মাজহারুল ইসলাম ও ফরিদুল কবীর তালুকদারকে নেওয়া হয়েছে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য পদে জামায়াতের সদস্য মাছুম মোস্তফার বদলে দলটির আরেক সদস্য কামরুল হাসানকে নেওয়া হয়েছে।



