সরকারি প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পিএম
১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্ল্যান্ট উদ্বোধন করা হয়। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
দেশের বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি ব্যয় কমানো এবং পরিবেশ সুরক্ষায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।
বুধবার (৯ সেপ্টেম্বর) খুলনায় বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড (বাকেশি) প্রাঙ্গণে স্থাপিত ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্ল্যান্টের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব অব্যবহৃত ছাদ ও স্থাপনাগুলো কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং পরিবেশবান্ধব উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপন এ উদ্যোগেরই অংশ। এর মাধ্যমে একদিকে প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমবে, অন্যদিকে জাতীয় গ্রিডের ওপর চাপও কমানো সম্ভব হবে।
তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সৌর বিদ্যুৎ উৎপাদন ও এর ব্যবহার উৎসাহিত করতে সৌরবিদ্যুতের যন্ত্রাংশ আমদানিতে ৬ মাসের কর ছাড় এবং উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুতের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে। পাশাপাশি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ থেকে উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে গ্রাহকরা বিশেষ প্রণোদনা হিসেবে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দাম পাবেন।
ফকির মাহবুব আনাম বলেন, আমাদের উন্নয়নের সঙ্গে পরিবেশ সুরক্ষা ও জ্বালানি দক্ষতাকে সমন্বয় করতে হবে। দেশের প্রতিটি সম্ভাবনাময় ছাদ ও স্থাপনাকে সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করার সুযোগ রয়েছে ‘
এ ধরনের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানগুলোকে জ্বালানি সাশ্রয়ী ও টেকসই প্রতিষ্ঠানে পরিণত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ বিভাগের সচিব ও বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের চেয়ারম্যান বিলকিস জাহান রিমি বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে রুফটপ সোলার প্ল্যান্ট স্থাপনের ফলে প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমার পাশাপাশি পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, খুলনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুয়াই জাহানাত।
উল্লেখ্য, ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্ল্যান্ট স্থাপনে বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড এর খরচ হয়েছে পাঁচ কোটি ১৫ লাখ ২৩ হাজার ৭১৫ টাকা। এ প্ল্যান্ট স্থাপনের ফলে প্রতি মাসে প্রতিষ্ঠানটির ১৫ লক্ষ টাকা বিদ্যুৎ বিল সাশ্রয় হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির ৯০০ কিলোওয়াট বিদ্যুৎ চাহিদা পূরণ করার পরে অবশিষ্ট উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করা হবে। আগামী চার বছরের মধ্যে এই প্ল্যান্ট স্থাপনের খরচ উঠে আসবে।

