রাষ্ট্রপতির সফরে সর্বস্তরের নাগরিকদের সম্পৃক্ত করার উদ্যোগ মন্ত্রী আরিফের
Advertisement
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট সফর উপলক্ষে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সিলেট সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রাষ্ট্রপতির এ সফর ও মতবিনিময় অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট নাগরিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের প্রতিনিধিদের সম্পৃক্ত করার ওপর জোর দেন মন্ত্রী। রাষ্ট্রপতির কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী পুরো সফর সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে তিনি সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন।
আরিফুল হক চৌধুরী বলেন, রাষ্ট্রপতির সিলেট সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। সফরকালে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এছাড়াও তিনি সিলেটের নাগরিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন।
জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সিলেট বিভাগীয় ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

