বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণ উদ্বেগজনক হারে বাড়ছে।
|
ফলো করুন |
|
|---|---|
ধুলো, ধোঁয়া ও বাতাসে ভাসমান ক্ষতিকর কণার কারণে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণ উদ্বেগজনক হারে বাড়ছে। জলবায়ু পরিবর্তন, নগরায়ণ এবং অব্যাহত উন্নয়ন কর্মকাণ্ডও এ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
তবে বৃষ্টিপাতের কারণে অনেক সময় দূষণের মাত্রা কিছুটা কমে আসে। এমন পরিস্থিতিতে ১৮২ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং। এই মাত্রার বায়ু নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ৮২ স্কোর নিয়ে তালিকার ২১তম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এ মানের বাতাসকে ‘মাঝারি’ বা ‘সহনীয়’ পর্যায়ের বলে ধরা হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, দূষিত শহরের তালিকায় ১৮২ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে মালয়েশিয়ার শহর কুচিং। এছাড়া ১৬৮ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা, ১৬৮ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, ১৫৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা এবং পঞ্চম অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ১৫৭।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।
এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়। বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো, বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।
