Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

শিক্ষার মান যত উন্নত হবে, ততই দেশ এগিয়ে যাবে: খাদ্যমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম

শিক্ষার মান যত উন্নত হবে, ততই দেশ এগিয়ে যাবে: খাদ্যমন্ত্রী

শিক্ষার্থীদের মধ্যে স্কুলড্রেস, ব্যাগ ও জুতা বিতরণ করছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। ছবি: যুগান্তর

Advertisement

খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, শিক্ষার মান যত উন্নত হবে, ততই দেশ এগিয়ে যাবে। একটি শিক্ষিত, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হলে শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই তাদের জন্য সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ করাও সরকারের দায়িত্ব।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুলড্রেস, ব্যাগ ও জুতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আফরোজা খানম বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহী করে তুলতে শিক্ষাজীবনকে আরও সহজ ও সুন্দর করতে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি সামাজিক ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণসহ বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। 

তিনি বলেন, দেশের কোনো শিক্ষার্থী যেন অর্থের অভাবে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার কাজ করছে। বিশেষ করে দরিদ্র ও অসচ্ছল পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

শিক্ষকদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা দিলেই হবে না। তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষক ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তব্য শেষে খাদ্যমন্ত্রী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুলড্রেস, ব্যাগ ও জুতা বিতরণ করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম