Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

ছবি: সংগৃহীত

Advertisement

শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে কোনো দলের পক্ষে পক্ষপাতমূলক রাজনৈতিক কর্মকাণ্ড না করার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষার্থীদের কোনো দলের কর্মী হিসেবে নয়, বাংলাদেশের শক্তিশালী ভবিষ্যতের নাগরিক হিসেবে গড়ে তুলতে চান।

শনিবার রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজে ‘নজরুল বর্ষ উদযাপন-২০২৬’-এর অংশ হিসেবে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, ‘আপনাদের অনেকে, বিশেষ করে যারা এইচএসসি করেছেন বা করছেন, তাদের বয়স ১৮ বছর পার হয়েছে। আপনারা প্রাপ্তবয়স্ক এবং আপনাদের রাজনৈতিক অধিকার রয়েছে। আপনারা চাইলে ক্যাম্পাসের বাইরে দলীয় রাজনীতি করতে পারেন। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে আপনাদের পরিচয় শিক্ষার্থী।’

তিনি বলেন, ‘শিক্ষকদের পরিচয় শিক্ষক এবং গভর্নিং বডির সদস্যদের পরিচয় তাদের দায়িত্বের সঙ্গে সংশ্লিষ্ট। তাদের ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় থাকতেই পারে। কিন্তু সেই রাজনৈতিক কর্মকাণ্ড যেন শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে না আসে, সেটি নিশ্চিত করতে হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘রাজনীতি নিয়ে আলোচনা করুন, নিজেদের অধিকার নিয়ে কথা বলুন। রাজনীতি সম্পর্কে জানা দরকার। কিন্তু কোনো দলের হয়ে পক্ষপাতমূলক রাজনৈতিক কর্মকাণ্ড শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে করা উচিত নয়। আমরা শিক্ষার্থীদের এই দলের বা ওই দলের কর্মী হিসেবে গড়ে তুলতে চাই না। আমরা চাই, তারা বাংলাদেশের শক্তিশালী ভবিষ্যতের নাগরিক হিসেবে গড়ে উঠুক।’

বিরোধী দলের বক্তব্যের সমালোচনা করে ববি হাজ্জাজ বলেন, ‘বিরোধী দল থেকে নানা ধরনের আজগুবি কথা বলা হচ্ছে। কেউ বলছে, সরকার হেলিকপ্টারে পালাবে। এসব কথা কোথা থেকে আসে, আমি বুঝি না। এ ধরনের কথাবার্তা নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো উচিত নয়।’

জাতীয়করণের দাবির বিষয়ে তিনি বলেন, ‘আপনাদের কিছু দরকার হলে, ভবন দরকার হলে আমরা অবশ্যই চেষ্টা করব। আপনারা জাতীয়করণ চান, সেটিও বিবেচনা করা হবে। তবে জাতীয়করণের পর কোনো স্কুল বা কলেজের মান বেড়েছে—এমন উদাহরণ এখন পর্যন্ত দেখা যায়নি।’

তিনি আরও বলেন, ‘তারপরও আপনারা যদি জাতীয়করণ চান, সেটি গণতন্ত্রের বিষয়। জনগণ যা চাইবে, সরকার তার সামর্থ্যের মধ্যে তা দেওয়ার চেষ্টা করবে।’

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন মোহাম্মদপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ফরহানা ইয়াসমিন। সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ শেখ ফরিদ হোসেন। সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি মো. আক্তারুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রহমান এবং মোহাম্মদপুর থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রাজু আহমেদ।

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিবাদী চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। নতুন প্রজন্মের মধ্যে নজরুলের সাহিত্য ও আদর্শ ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।

পরে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম