Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

অবৈধ সম্পদ অর্জনের মামলা

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পিএম

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

মহিবুল হাসান চৌধুরী নওফেল ও তার স্ত্রী ইমা ক্লেয়ার বার্টন। সংগৃহীত ছবি

Advertisement

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এ আবেদন করেন। আবেদনে বলা হয়, ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন এবং নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে মামলা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

দুদকের আবেদনে বলা হয়, ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে দুর্নীতি দমন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা করা হয়েছে। তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি গোপনে দেশত্যাগের চেষ্টা করছেন। তিনি দেশত্যাগ করে বিদেশে পালিয়ে গেলে মামলার গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র সংগ্রহে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। একই সঙ্গে তদন্ত কার্যক্রম বাধাগ্রস্ত হয়ে মামলার সার্বিক তদন্তে ক্ষতির আশঙ্কা রয়েছে। এ কারণে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশযাত্রা রহিত করার জন্য আদালতে আবেদন করে দুদক।

দুদকের অনুসন্ধানে ইমা ক্লেয়ার বার্টনের নামে ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ থাকার তথ্য পাওয়া যায়। এ কারণে নির্ধারিত ছকে সম্পদ বিবরণী দাখিলের জন্য তাকে নোটিশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় তার বিরুদ্ধে মামলা করে দুদক।

এর আগে ২০২৫ সালের ৪ জুন ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্তের কথা জানিয়েছিল দুদক। তখন কমিশন জানিয়েছিল, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় তার বিরুদ্ধে দুদক আইনের ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা করার সিদ্ধান্ত হয়েছে।

এদিকে ২০২৪ সালের ডিসেম্বরে নওফেলের বিরুদ্ধেও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। ওই মামলায় তার ২ কোটি ৯৪ লাখ ৪২ হাজার ৬১৮ টাকার সম্পদের হিসাব পাওয়া যায়নি বলে জানিয়েছিল কমিশন। পাশাপাশি নওফেল ও তার প্রতিষ্ঠানের নামে থাকা ৪১টি ব্যাংক হিসাবে ১১৩ কোটি ৮৯ লাখ টাকার বেশি জমা এবং ৯৭ কোটি ৩০ লাখ টাকার বেশি উত্তোলনের তথ্য পাওয়া যায়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম