শহীদ ও গুরুতর আহত ৭০ পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পিএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক দায়িত্ব পালনকালে নিহত এবং গুরুতর আহত সামরিক সদস্যদের পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে মিরপুর ডিওএইচএসে নির্মিত ‘অপরাজিতা’ বহুতল ভবনের ফ্ল্যাটের বরাদ্দপত্র পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন অনুষ্ঠানে বরাদ্দপত্র হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক কারণে শহীদ ও গুরুতর আহত মোট ৭০টি পরিবারের অনুকূলে ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়।
সরকারের অনুমোদনক্রমে ডিওএইচএস সেন্ট্রাল কমিটির তত্ত্বাবধানে মিরপুর ডিওএইচএসে দুটি ভবনে মোট ১৫৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। এসব ফ্ল্যাটের মধ্য থেকে আজ ৭০টি পরিবারের কাছে বরাদ্দপত্র হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বরাদ্দগ্রহীতাদের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, সেনাসদর এবং সেনাকল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের (এসকেসিডি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক কারণে প্রাণ বিসর্জন দেওয়া অথবা গুরুতর আহত সামরিক বাহিনীর সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
এ সময় বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

