ফ্রান্সে রাষ্ট্রদূত খন্দকার এম. তালহাকে প্রবাসীদের সংবর্ধনা, দুদেশের সম্পর্ক জোরদারের প্রত্যয়
Advertisement
হাসান ইলিয়াস তানিম, প্যারিস (ফ্রান্স) থেকে
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ফ্রান্সে চুক্তিভিত্তিক পুনর্নিয়োগ পাওয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউনেস্কোতে দেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম. তালহাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাসের কনফারেন্স রুমে এই সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের বিভিন্ন স্তরের কর্মকর্তা ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দূতালয় প্রধান মো. ওয়ালিদ বিন কাশেমের সাবলীল সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় প্রবাসীদের পক্ষে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম, শাহ জামাল, অধ্যাপক তসলিম উদ্দিন, রশীদ পাটওয়ারি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ, খেলাফত মজলিসের কাওছার উদ্দিন এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি আলতাফুর রহমান প্রমুখ।
বক্তারা রাষ্ট্রদূত খন্দকার এম. তালহাকে তার পুনর্নিয়োগের জন্য উষ্ণ অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, প্যারিসে বাংলাদেশের কৌশলগত স্বার্থ রক্ষা, প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘমেয়াদি সমস্যাগুলোর সমাধান এবং দুই বন্ধুভাবাপন্ন দেশের কূটনৈতিক সম্পর্ক আরও উচ্চতায় নিয়ে যেতে রাষ্ট্রদূতের গতিশীল নেতৃত্ব অতীতে যেভাবে ভূমিকা রেখেছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি তার ওপর পুনরায় এই দায়িত্ব অর্পণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রবাসীদের নিঃস্বার্থ ভালোবাসা ও সহযোগিতার কথা স্মরণ করেন।
রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, ফ্রান্সে দেশের স্বার্থ সুরক্ষা, দ্বিপক্ষীয় রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষাগত সম্পর্ক আরও বেগবান করতে দূতাবাস সর্বদা তৎপর রয়েছে। দুদেশের পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে অংশীদারত্বমূলক সম্পর্ককে আরও সুদৃঢ় করার যথেষ্ট সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে বহুপাক্ষিক কূটনীতির বিভিন্ন দিক তুলে ধরে তিনি জানান, আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করতে তিনি নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে যাচ্ছেন।
প্রবাসীদের সঙ্গে দূতাবাসের সেতুবন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, প্রবাসীরাই বিদেশের মাটিতে বাংলাদেশের প্রকৃত অ্যাম্বাসেডর এবং দেশের অর্থনীতিতে তাদের অবদান অনস্বীকার্য।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা (এনডিসি, পিএসসি), মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান, কাউন্সিলর মাহফুজা সুলতানা, প্রথম সচিব শেখ মারেফত তারেকুল ইসলাম এবং দ্বিতীয় সচিব কে. এফ. এম. শারহাদ শাকিলসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা।

