Logo
Logo
×

Advertisement

জাতীয়

আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

Advertisement

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম

আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: যুগান্তর

Advertisement

পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে এবং দীর্ঘদিনের এ জঞ্জাল থেকে বের হতে অনেক শ্রম ও ত্যাগ স্বীকার করতে হচ্ছে। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন- আমাদের এত যুদ্ধ, এত লড়াই, এত সংগ্রাম, এত আন্দোলন। এরপরও অভাব-অনটন থেকে আমরা বের হতে পারছি না। এর মধ্যে ১৭ বছরের অরাজনৈতিক পরিবেশ ও অগণতান্ত্রিক পরিবেশ আমাদেরকে আকড়ে ধরে রেখেছিল। আমার-আপনার জীবন থেকে ১৭ বছর কেড়ে নিয়েছে। ১৭ বছরের ট্রেন্ড ১৭ দিনে শেষ করে দেব, ৭ মাসে শেষ হয়ে যাবে এটা মনে করার কোনো অবস্থান বা বলা ঠিক হবে না। 

তিনি বলেন, দীর্ঘদিনের জঞ্জাল থেকে বের হতে আমাদেরকে অনেক শ্রম দিতে হচ্ছে, ত্যাগ স্বীকার করতে হচ্ছে। যার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছেন। আমরাও সেভাবে সমন্বয় করছি এবং তার হাতকে শক্তিশালী করছি।

পানিসম্পদমন্ত্রী বলেন, ১৭ বছর আমরা অনেক কিছু হারিয়েছি, শিক্ষাবিস্তারকে হারিয়েছি, চাকরির বয়স হারিয়েছি, সমাজকে হারিয়েছি, সমাজকে কিছু দিতে পারিনি, পরিবারকে হারিয়েছি। দেশের জন্য কিছু করার, দেশকে কিছু দেওয়ার সেটাও আমরা হারিয়েছি। এখান থেকে মুক্ত হওয়ার জন্য অনেক লড়াই-সংগ্রাম করতে হয়েছে। এই জেনারেশন, তারা সর্বশেষ ১৭ বছরে আমাদের সঙ্গে যোগ হয়েছে। এরা জুলাই আন্দোলন করেছে, মেধার জন্য লড়াই করেছে, কোটার বিরুদ্ধে সংগ্রাম করেছে। 

প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান ডা. কাজী মো. নুর-উল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার, রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেডএম নাজমুল ইসলাম মিঠু, প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের অধ্যক্ষ নুরুল আমিন প্রমুখ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম