Logo
Logo
×

Advertisement

জাতীয়

সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পিএম

সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার

ছবি: সংগৃহীত

Advertisement

দেশের পর্যটন খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ পেয়েছেন জনপ্রিয় ট্রাভেল ভ্লগার ও কনটেন্ট ক্রিয়েটর আবু মোহাম্মদ সালাহ উদ্দিন, যিনি ‘সালাহউদ্দীন সুমন’ নামে পরিচিত। ‘বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর’ বিভাগে তাকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

শনিবার (৩ অক্টোবর) বিকালে ঢাকার শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

অ্যান্টার্কটিকা, আমাজন ও আর্কটিকসহ বিশ্বের দুর্গম বিভিন্ন গন্তব্যে ভিডিও ধারণের পাশাপাশি বাংলাদেশের ইতিহাস, ঐতিহাসিক স্থাপনা, অপরিচিত ভূপ্রকৃতি এবং গ্রামবাংলার জীবনযাত্রা তুলে ধরে দেশ-বিদেশে প্রশংসিত হয়েছেন সালাহউদ্দীন সুমন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘পাবলিক পার্টনার প্রাইভেট পার্টনারশিপে মডেলিং আমরা আমাদের যে ১৪৯৮ টি স্পট রয়েছে- সেখানে আপনারা যারা অংশীজন রয়েছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই- আপনারা যদি এগিয়ে আসেন আমাদের মন্ত্রণালয় রেডি আছে। আপনারা যেখানে পিপিপি মডেল অথবা লিজিং চান- সেটা যদি আপনার বিকাশ ঘটাতে পারেন, আমরা প্রস্তুত রয়েছি। যে কোন অবস্থাতেই আপনারা আসেন, আমরা আলোচনা করে এগুলি লিজ আউট করব। যাতে করে আপনারাও এই পর্যটনে বিকাশে ভূমিকা রাখতে পারেন। সেই সঙ্গে সরকারও লাভবান হতে পারে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, ‘পর্যটন খাতের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাত এবং তরুণ উদ্যোক্তাদের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন। আমরা স্থায়ী কমিটির পক্ষ থেকে এই খাতের অবকাঠামোগত উন্নয়ন ও সেবার মানোন্নয়নে তদারকি জোরদার করেছি।’

স্বাগত বক্তব্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, ‘বাংলাদেশের পর্যটন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং দেশীয় সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যকে বিশ্বমঞ্চে তুলে ধরতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ আয়োজনের মূল লক্ষ্য হলো এই খাতের উদ্যোক্তা, উদ্ভাবক ও কনটেন্ট ক্রিয়েটরদের স্বীকৃতি দিয়ে তাদের উৎসাহিত করা। টেকসই পর্যটন বিকাশ, গুণগত সেবার মানোন্নয়ন এবং ডিজিটাল প্রচারণায় তরুণদের সম্পৃক্ততা দেশীয় পর্যটনে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।’

অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য দেন ইউএন ট্যুরিজমের মহাসচিব শাইখা নাসের আল নোয়াইস এবং প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর আহমেদ হামিদ। এ ছাড়া বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, ট্যুরিস্ট পুলিশের প্রধানসহ পর্যটন খাতের সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আক্তার।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে সালাহউদ্দীন সুমন বলেন, ‘দেশের পর্যটন খাতের নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এমন একটি সরকারি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে সম্মাননা পাওয়া একজন ক্রিয়েটরের জন্য অবশ্যই আনন্দের ও গর্বের। একটি রাষ্ট্রীয় পর্যায় থেকে এই স্বীকৃতি সত্যিই আমার খুব ভালো লেগেছে।’

দেশের পর্যটনের সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের জনপ্রিয় টুরিস্ট স্পট বলতে চোখের সামনে ভেসে ওঠে সেন্টমার্টিন, কক্সবাজার ও সাজেক ভ্যালিসহ হাতেগোনা কয়েকটি জায়গার নাম। কিন্তু নানান অব্যবস্থাপনার কারণে এই স্পটগুলো নিয়ে বিদেশি পর্যটকদের আগ্রহ কমছে। অথচ বাংলাদেশের পর্যটন খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে আমাদের ‘গ্রামবাংলা’। তবে সঠিক পরিকল্পনার মাধ্যমে এই রূপ সৌন্দর্য বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত বা বসন্ত—একেক ঋতুতে একেক রূপ নিয়ে হাজির হয় আমাদের গ্রাম। পৃথিবীর কোথাও এমন ঋতুবৈচিত্র্য আর অনন্য গ্রামবাংলা নেই। আমাদের চিরায়ত গ্রাম কবিতায়, গল্পে ও সিনেমায় আছে, কিন্তু তা পর্যটন ভাবনায় পর্যাপ্তভাবে নেই। তাই আশা করি ট্যুরিজম বোর্ডের এই আয়োজন কেবল পুরস্কার বিতরণের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।’

সালাহউদ্দীন সুমন জানান, পদ্মা নদীর তীরে রাজশাহীর চরখানপুর গ্রামটি তার ব্যক্তিগতভাবে ভীষণ প্রিয়। গ্রামটির তিন দিকেই প্রতিবেশী ভারতের সীমানা। এ ছাড়া তিনি নিয়মিত বাংলাদেশের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও লোকজ সংস্কৃতি নিয়ে ভিডিও তৈরি করছেন।

বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উপলক্ষে দেশের পর্যটন শিল্পে টেকসই উন্নয়ন, সেবার মানোন্নয়ন, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং পরিবেশ ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়। সরকারি-বেসরকারি অংশীজনের সমন্বয়ে গঠিত জুরি বোর্ডের যাচাই-বাছাই শেষে মোট ১৬টি বিভাগে বর্ষসেরা ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোগকে সম্মাননা দেওয়া হয়।

বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর বিভাগে সালাহউদ্দীন সুমন ছাড়াও ‘বর্ষসেরা টেকসই পর্যটন উদ্যোগ’ বিভাগে নির্বাচিত হয়েছে ‘শাকাওয়াথ’স সিক্স কন্ট্রোল পয়েন্ট ফর ফুড কস্ট’। বর্ষসেরা পাঁচ তারকা হোটেল হিসেবে পুরস্কার পেয়েছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। আর পর্যটনবিষয়ক সাংবাদিকতায় পুরস্কৃত হয়েছেন নাঈম উল ইসলাম।

Advertisement

Advertisement

আরও পড়ুন

পিপির দাবি এজলাসে বিচারককে হেয় করে কথা বলেন আখতারুজ্জামান

এজলাসে বিচারককে হেয় করে কথা বলেন আখতারুজ্জামান

‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’

‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’

এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান

এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান

সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার

সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম