Logo
Logo
×

Advertisement

জাতীয়

এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল নির্ভর করছে অর্থ মন্ত্রণালয়ের ওপর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পিএম

এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল নির্ভর করছে অর্থ মন্ত্রণালয়ের ওপর

Advertisement

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে স্কেলে বেতন-ভাতা পাওয়ার বিষয়টি এখন অর্থ মন্ত্রণালয়ের ওপর নির্ভর করছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আর করণীয় নেই বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দুই মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাবেন। এ বিষয়ে দুই মন্ত্রণালয়ের সচিবদের মধ্যে একাধিকবার আলোচনা হয়েছে। তবে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতনের হিসাব হাতে-কলমে করতে হওয়ায় তাদের নতুন স্কেলে বেতন-ভাতা পেতে আরও সময় লাগতে পারে।

সূত্রের তথ্য অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন স্কেলে বেতন-ভাতা পেতে ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। কোনো কোনো ক্ষেত্রে তা আগামী বছরের জানুয়ারি পর্যন্ত গড়াতে পারে। পুরো বিষয়টি নির্ভর করছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের কার্যক্রমের ওপর।

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘এমপিওভুক্ত জনবলও নতুন পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাবেন। তবে বিষয়টি এখন আর আমাদের হাতে নেই। এটি অর্থ বিভাগের হাতে। অর্থ বিভাগ যখন পৃথকভাবে গেজেট জারি করবে, তখন থেকেই শিক্ষক-কর্মচারীরা নবম জাতীয় পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাবেন।’

নতুন পে স্কেলের বকেয়া হিসাব করবেন যেভাবে

নতুন পে স্কেল ২০২৬ কার্যকর হওয়ার পর সরকারি কর্মচারীদের মধ্যে ১ জুলাই ২০২৬ থেকে কত টাকা বকেয়া পাওনা হতে পারে, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। এ হিসাব সহজ করতে একটি এইচটিএমএল ক্যালকুলেটর ফরম তৈরি করা হয়েছে। এতে গ্রেড ও দুটি মূল বেতনের অঙ্ক দিলে নতুন মূল বেতন, বিশেষ সুবিধা ও বাড়িভাড়ার সমন্বয় এবং তিন মাসের বকেয়ার বিবরণী পাওয়া যায়।

তবে ক্যালকুলেটরে প্রদর্শিত নতুন পে স্কেলের সব গ্রেডের বেতনধাপের নির্ভুলতা নিশ্চিত করা যায়নি। তাই হিসাবের নির্ভরযোগ্যতা যাচাই করতে ক্যালকুলেটরের নিচে থাকা ‘স্কেল টেবিল’ অংশের তথ্য এস.আর.ও. নং ৩৪৭ আইন/২০২৬-এর মূল গেজেটের সঙ্গে মিলিয়ে নেওয়া জরুরি। বাড়িভাড়া ভাতার হারও সংশ্লিষ্ট পে স্লিপ অনুযায়ী যাচাই করতে হবে।

এটি কোনো সরকারি বেতন নির্ধারণী ব্যবস্থা নয়; কেবল একটি অনানুষ্ঠানিক হিসাব সহায়ক। বেতনের চূড়ান্ত হিসাব আইবাস++ ব্যবস্থার মাধ্যমে নির্ধারিত হবে।

ক্যালকুলেটর ফরম পূরণের নিয়ম

ব্যক্তিগত তথ্য: নাম, পদবি এবং অফিস বা প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। এসব তথ্য ছাপা বিবরণীর শুরুতে থাকবে। তবে ঘরগুলো ফাঁকা রাখলেও হিসাব করা যাবে।

গ্রেড নির্বাচন: ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী ৩০ জুন ২০২৬ তারিখে যে গ্রেডে কর্মরত ছিলেন, সেটি তালিকা থেকে বেছে নিতে হবে।

৩০ জুনের মূল বেতন: পে স্লিপ দেখে ৩০ জুন ২০২৬ তারিখের মূল বেতন নির্বাচন করতে হবে। তালিকায় নিজের বেতনের অঙ্ক না থাকলে ‘অন্য অঙ্ক লিখব’ অপশন বেছে অঙ্কটি লিখতে হবে।

১ জুলাইয়ের মূল বেতন: জুলাই মাসে বার্ষিক বেতনবৃদ্ধিসহ পুরোনো স্কেলে যে মূল বেতন গ্রহণ করেছেন, সেটি দিতে হবে।

কর্মস্থল ও বাড়িভাড়া: বাড়িভাড়ার হার নির্ধারণের জন্য কর্মস্থল নির্বাচন করতে হবে। এতে সংশ্লিষ্ট হার স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হবে। তবে পে স্লিপে উল্লেখ করা হারের সঙ্গে মিলিয়ে প্রয়োজনে তা সংশোধন করা যাবে।

বকেয়ার মাস: প্রাথমিকভাবে তিন মাস—জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—নির্বাচিত থাকবে। প্রয়োজন অনুযায়ী এক থেকে ছয় মাস পর্যন্ত নির্ধারণ করা যাবে।

বার্ষিক বেতনবৃদ্ধি: ১ জুলাই ২০২৬ পর্যন্ত চাকরির বয়স ছয় মাস পূর্ণ না হলে বার্ষিক বেতনবৃদ্ধির টিকচিহ্ন তুলে দিতে হবে।

ঐচ্ছিক তথ্য ও হিসাবের বিবরণী

পে স্লিপে বাড়িভাড়া বা বিশেষ সুবিধার অঙ্ক ক্যালকুলেটরের হিসাব থেকে আলাদা হলে ঐচ্ছিক ঘরে প্রকৃত অঙ্ক দেওয়া যাবে। আইবাস++ বা গেজেট থেকে নতুন মূল বেতন জানা থাকলে সেটিও ইনপুট হিসেবে দেওয়া যাবে। সে ক্ষেত্রে ক্যালকুলেটর ওই অঙ্ক ধরেই হিসাব করবে।

প্রয়োজনীয় তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গেই নিচে হিসাবের বিবরণী তৈরি হবে। এতে নতুন মূল বেতন নির্ধারণের ধাপ এবং প্রথম ধাপে প্রাপ্য মূল বেতনের হিসাব দেখানো হবে। দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেড ১০ থেকে ২০-এর ক্ষেত্রে বৃদ্ধির ৫০ শতাংশ এবং গ্রেড ১ থেকে ৯-এর ক্ষেত্রে ৪০ শতাংশ প্রথম ধাপে প্রাপ্য মূল বেতন হিসেবে দেখানো হবে।

মাসিক হিসাবের মধ্যে থাকবে প্রাপ্য ও গৃহীত মূল বেতনের পার্থক্য, ৩০ জুনের মূল বেতনের ভিত্তিতে প্রাপ্য বাড়িভাড়া এবং গৃহীত মূল বেতনে তোলা বাড়িভাড়ার সমন্বয়। পাশাপাশি বিলুপ্ত বিশেষ সুবিধা—১০ বা ১৫ শতাংশ—বিয়োগ করে হিসাব দেখানো হবে।

তবে ক্যালকুলেটরের ফলাফলকে চূড়ান্ত বেতন হিসাব হিসেবে বিবেচনা করা যাবে না। নির্ভুল হিসাবের জন্য মূল গেজেট, সংশ্লিষ্ট পে স্লিপ এবং সরকারি বেতন নির্ধারণী ব্যবস্থার তথ্য যাচাই করা প্রয়োজন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চলতি মাসেই বড় সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

চলতি মাসেই বড় সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

পে স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

পে স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন, ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন, ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয়

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন, হিসাব করবেন যেভাবে

নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন, হিসাব করবেন যেভাবে

‘ঋণের ফাঁদে’ দেশ, নতুন পে-স্কেলে সংকট বাড়ার আভাস

‘ঋণের ফাঁদে’ দেশ, নতুন পে-স্কেলে সংকট বাড়ার আভাস

আরও পড়ুন

৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬

শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন

শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন

দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড চায় সিআইডি

দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড চায় সিআইডি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম