পূজামণ্ডপে মুসলিমদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: খাদ্যমন্ত্রী
Advertisement
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পিএম
মানিকগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে বক্তব্য দিচ্ছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, পূজামণ্ডপে মুসলিম সম্প্রদায়ের মানুষের উপস্থিতি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। জেলার শান্তিপূর্ণ পরিবেশ ও সম্প্রীতির সুনাম ধরে রাখতে সবাইকে সহনশীল হতে হবে।
বুধবার (২১ অক্টোবর) মানিকগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।
আফরোজা খানম রিতা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে। জনপ্রতিনিধিদের মূল দায়িত্ব জনগণের সেবা করা। তাই দ্বন্দ্ব-বিভেদ ভুলে মানুষের কল্যাণে কাজ করতে হবে।
নিজের রাজনৈতিক পথচলার কথা তুলে ধরে তিনি জানান, গত ১৭ বছর মানিকগঞ্জের রাজনীতিতে দুঃসময়েও যারা তার পাশে ছিলেন, তাদের অবদানেই আজ তিনি এ অবস্থানে আসতে পেরেছেন। এ জন্য তিনি মানিকগঞ্জবাসীর প্রতি চিরকৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা তাকে দায়িত্ব পালনে জবাবদিহির মধ্যে রাখবে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, টাকার প্রলোভনে না পড়ে যোগ্য, সৎ ও জনকল্যাণে আগ্রহী ব্যক্তিকে নির্বাচিত করা উচিত। ব্যক্তিগত কিংবা দলীয় দ্বন্দ্বের কারণে যেন সাধারণ মানুষ ও এলাকার উন্নয়ন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন এবং প্রতিটি পূজামণ্ডপ ও মন্দিরে আর্থিক অনুদান দেন। স্থানীয় আয়োজকরা তাদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরলে তিনি মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। পূজার নিরাপত্তাব্যবস্থা ও উৎসবের আয়োজনেও সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।
পরিদর্শনকালে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূরতাজ আলম বাহার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, সিংগাইর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবিদুর রহমান খান রোমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।

-6ad8b5b20010c.jpg)