Logo
Logo
×

জাতীয়

সব বিষয়ে ঐকমত্যে বাধ্য করা ঠিক হবে না–সালাহউদ্দিন আহমদ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১১:২৪ পিএম

সব বিষয়ে ঐকমত্যে বাধ্য করা ঠিক হবে না–সালাহউদ্দিন আহমদ

সালাহউদ্দিন আহমদ/সংগৃহীত

সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠন এবং সংসদের উচ্চকক্ষের সদস্য নির্বাচনের প্রক্রিয়ার প্রস্তাবে বিএনপি ঐকমত্যে পৌঁছায়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সব বিষয়ে ঐকমত্যে বাধ্য করা ঠিক হবে না। রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ নিয়ে এ পর্যন্ত বিএনপিই সবচেয়ে বেশি আন্তরিকতা দেখিয়েছে। সংবিধানের মূলনীতি, ৭০ অনুচ্ছেদ, রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর সময়সীমা ও সংসদের স্থায়ী কমিটি নিয়ে বিএনপি ঐকমত্যে পৌঁছেছে। এখন কমিশনের সব প্রস্তাবে একমত হতে হলে তো আর আলোচনার দরকার নেই। তিনি বলেন, যেসব বিষয়ে ঐকমত্য হবে, সেগুলো নিয়েই জুলাই সনদ হবে।

তিনি বলেন, তারা সংসদ দ্বিকক্ষ করা, উচ্চকক্ষে ১০০ আসন করা, উভয় কক্ষে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে করা–এসব প্রস্তাবে একমত। তবে উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া নিয়ে তাদের দ্বিমত আছে। তারা নিম্নকক্ষের আসনের ভিত্তিতে উচ্চকক্ষের আসন চান।

তবে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ বিষয়ে যদি আরও সুন্দর প্রস্তাব আসে, গ্রহণযোগ্য প্রস্তাব আসে দেশের স্বার্থে জনগণের সঙ্গে আমরা সেটা বিবেচনা করব। কিন্তু সে রকম কোনো প্রস্তাব এখনো পর্যন্ত উঠে আসেনি।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম