Logo
Logo
×
   

জাতীয়

দুপুর ২টায় ওয়েবসাইটে আপলোড হবে এসএসসির ফল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০১:৫৫ পিএম

দুপুর ২টায় ওয়েবসাইটে আপলোড হবে এসএসসির ফল

ছবি: সংগৃহীত

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের জন্য শিক্ষার্থীদের অপেক্ষার পালা শেষ হচ্ছে আজ। শিক্ষা বোর্ডগুলো ফল প্রকাশের জন্য পুরোপুরি প্রস্তুত। জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২টার মধ্যে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি পরীক্ষার ফলাফল আপলোড করা হবে। শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে ওয়েবসাইট থেকে তাদের ফলাফল জানতে পারবে।

বৃহস্পতিবার (১০ জুলাই) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার উপসচিব (প্রশাসন ও সংস্থাপন) মো. ইমদাদ জাহিদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দুপুর ২টায় চেয়ারম্যান ফল আপলোডের পরই সভাকক্ষে মতবিনিময় সভায় যোগ দেবেন।

এসময় দেশের ১১টি শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে নিজ নিজ পদ্ধতিতে ফল প্রকাশ করবে।

প্রতিবছরের মতো এবার ফল প্রকাশ উপলক্ষ্যে কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও সার্বিক বিষয় নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন।

সারা দেশের ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ১০ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১৩ মে। মাত্র দুই মাসের মধ্যেই এবার ফল প্রকাশ করা হলো। ফল প্রস্তুত হয়েছে বাস্তব মূল্যায়ন নীতির ভিত্তিতে।

এসএসসি পরীক্ষার ফল ২০২৫

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম