Logo
Logo
×

জাতীয়

পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকার ইতিবাচক: পররাষ্ট্র উপদেষ্টা

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১০:৫২ পিএম

পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকার ইতিবাচক: পররাষ্ট্র উপদেষ্টা

ছবি: যুগান্তর

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন নিয়ে অন্তর্বর্তী সরকারের মনোভাব ইতিবাচক। আমরা সামগ্রিক স্বার্থে পার্বত্য অঞ্চলে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে এগোতে চাই। তাই আমাদের আজকের এই বৈঠক।

শনিবার রাঙামাটিতে অনুষ্ঠিত পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির বৈঠক শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের দেওয়া সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পার্বত্য চুক্তিসহ এ অঞ্চলে অনেকগুলো সমস্যা আছে। কিছু ছোটখাটো বিষয় নিয়ে কাজ শুরু করতে বৈঠকে আলোচনা হয়ছে। এরপর বড় বিষয়গুলো চিহ্নিত করে সবার সঙ্গে বসে সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করা হবে। আপনারা জানেন, পার্বত্য চুক্তি একটা পুরাতন বিষয়। এটা নিয়ে এগোতে কিছুটা সময় তো লাগবে।

শনিবার রাঙামাটি শহরের ভেদভেদীতে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকটি বেলা ১১টার দিকে শুরু হয়ে দুপুর দেড়টার দিকে শেষ হয়েছে। 

বৈঠকে পার্বত্য চুক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এটা এ সরকারের আমলে প্রথম বৈঠক। এ বৈঠকে উত্থাপিত নানা বিষয়ের ওপর কমিটির সদস্যদের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তবে এ বৈঠকে তেমন এগোতে পারিনি।শিগগির আরেকটি সভায় বসার জন্য আমরা একমত হয়েছি। 

১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ নিয়ে অন্তর্বর্তী সরকারের পুনর্গঠিত কমিটির প্রথম বৈঠক এটি। 

বৈঠকে কমিটির আহবায়ক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সভাপতিত্ব করেন।

এতে উপস্থিত ছিলেন কমিটির অপর দুই সদস্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান সুদত্ত চাকমা। তবে সাংবাদিকদের প্রশ্নে বৈঠক সম্পর্কে তেমন কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন সন্তু লারমা।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রলালয়ের যুগ্মসচিব কংকন চাকমা, উপসচিব মঙ্গল চন্দ্র পাল ও সামছুল হকসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

চলতি বছরের ১২ জানুয়ারি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয় শাখা-১ এর উপসচিব নাহিদ ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটি পুনর্গঠন করে সরকার।

এতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে আহ্বায়ক করে এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা ও উপজাতীয় শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সুদত্ত চাকমাকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট এ কমিটি পুনর্গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম