Logo
Logo
×
   

সরকার

তামাক কোম্পানির সঙ্গে উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত বাতিলের দাবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৯:১৮ পিএম

তামাক কোম্পানির সঙ্গে উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত বাতিলের দাবি

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে সংশ্লিষ্ট কোম্পানির (তামাক) সঙ্গে সরকার গঠিত উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)। তামাকবিরোধী সংগঠন ‘প্রজ্ঞা’ মনে করছে আইন সংশোধনে তামাক কোম্পানির মতামত গ্রহণ করলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি)-এর আর্টিকেল ৫.৩ এবং এর গাইডলাইনের সুস্পষ্ট লঙ্ঘন হবে। এ চুক্তির ব্যত্যয় হলে আন্তর্জাতিক মহলে নেতিবাচক বার্তা যাবে এবং দেশের সুনাম ক্ষুণ্ন হতে পারে। 

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগের কথা তুলে ধরেছে সংগঠনটি। সেখানে আরও উপদেষ্টা কমিটির এ সিদ্ধান্ত বাতিল করে দ্রুততম সময়ের মধ্যে তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়া সংশোধনী পাস করার দাবি জানায় সংগঠনটি।

প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে স্টেকহোল্ডার সভা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে অর্থ উপদেষ্টার নেতৃত্বে গঠিত উপদেষ্টা কমিটি। ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া পর্যালোচনার জন্য গঠিত উপদেষ্টা কমিটির বৈঠকটি গত ১৩ জুলাই অনুষ্ঠিত হয়েছে। 

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এমন খবর বের হয়েছে। সেখানে আরও বলা হয়, এফসিটিসি আর্টিকেল ৫.৩ অনুযায়ী, তামাক নিয়ন্ত্রণ আইন, বিধিমালা বা নীতি প্রণয়নের প্রক্রিয়া তামাক কোম্পানি বা তাদের সংশ্লিষ্ট কোনো পক্ষের প্রস্তাব, মতামত বা অংশগ্রহণ গ্রহণযোগ্য নয়। 

বিশ্বের অন্যতম ১ম দেশ হিসেবে বাংলাদেশ ২০০৩ সালে এ আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করেছে এবং ২০০৮ সালে আর্টিকেল ৫.৩ এর গাইডলাইন অনুস্বাক্ষর করেছে। 

উল্লেখ্য, সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যে আর্টিকেল ৫.৩ অনুসরণে গাইডলাইন প্রণয়ন ও বাস্তবায়ন করছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম