কেএফসি ও তেল সরবরাহকারীদের বিরুদ্ধে মামলা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১১:৩৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মানহীন তেল দিয়ে খাবার প্রস্তুতের অভিযোগে কেএফসি ফ্র্যাঞ্চাইজি, তেল সরবরাহকারী এবং আরও দুটি খাবার প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
সোমবার (৪ আগস্ট) ঢাকার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বীথি মামলাটি গ্রহণ করে চার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
ডিএসসিসির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হাসান এই মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়, গত ২৭ ও ২৯ জুলাই কেএফসির পল্টন শাখা থেকে সংগৃহীত তেল পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। পরীক্ষায় দেখা যায়, ওই তেল মানহীন এবং তা দিয়ে খাদ্য প্রস্তুত করা হচ্ছিল, যা ভোক্তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
এ ছাড়া, পল্টনের কস্তুরি রেস্টুরেন্ট দইয়ের গায়ে বিএসটিআই’র কোড ব্যবহার করে প্রতারণা করছিল। অপরদিকে ‘মা সুইটস’ নামের একটি প্রতিষ্ঠানেও মিষ্টিতে ভেজালের প্রমাণ পাওয়া গেছে।
যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তারা হলেন—বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের মো. দবিরুল ইসলাম, কেএফসি পল্টন শাখার মালিক আতিকুর রহমান, হোটেল কস্তুরির কাওছার আহমেদ এবং মা সুইটসের বিশ্বজিৎ চন্দ্র।
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত এই ধরনের অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
