তিন গোয়েন্দা: কৈশোরের রহস্য, রোমাঞ্চ ও রকিব হাসানের জাদুকরী কলম
Advertisement
আবদুল্লাহ আল মামুন
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১০:৩৩ পিএম
তিন গোয়েন্দা সিরিজ ও রকিব হাসান। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
তিন কিশোর—কিশোর পাশা, মুসা আমান এবং রবিন মিলফোর্ড—যারা কেবল বন্ধু নয়, তারা একটি প্রজন্মকে রহস্যের জগতে হাতেখড়ি দিয়েছে। হ্যাঁ, আমরা বলছি বাংলাদেশের কৈশোরের সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম ‘তিন গোয়েন্দা’র কথা। আর এই অমর সৃষ্টি যার হাত ধরে এসেছিল, তিনি হলেন রকিব হাসান। কেবল অনুবাদ নয়, এই সিরিজটি রকিব হাসানের কলমের জাদুতেই দেশীয় মেজাজ ও সংস্কৃতিতে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল।
তিন গোয়েন্দা সিরিজ
১৯৮৫ সালে সেবা প্রকাশনী থেকে প্রথম প্রকাশিত হয় ‘তিন গোয়েন্দা’ সিরিজ। মূল লেখক ছিলেন মার্কিন সাহিত্যিক রবার্ট আর্থার (মূল সিরিজ: The Three Investigators)। তবে বাংলাদেশে এটি কেবল অনুবাদ হিসেবে থাকেনি; রকিব হাসান একে এমনভাবে নিজস্ব করে নিয়েছিলেন যে- লাখো পাঠকের কাছে জুপিটার জোনস, পিট রেনল্ডস ও বব অ্যান্ড্রুস-এর চেয়ে কিশোর, মুসা ও রবিন অনেক বেশি আপন।
কিশোর পাশা দলের নেতা ও মূল পরিকল্পনাকারী। বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ অসাধারণ বিশ্লেষণাত্মক ক্ষমতার অধিকারী। জটিল রহস্যের সমাধানে তার মেধা ও যুক্তিবোধ গোয়েন্দা দলকে সবসময় সঠিক পথে পরিচালিত করে। ক্ষুদ্র জিনিসও তার চোখ এড়ায় না। যে জিনিস একবার দেখে সেটা মনে থাকে দীর্ঘদিন।
মুসা আমান দলের শক্তি ও সাহসের প্রতীক। আফ্রিকান বংশোদ্ভূত এই সদস্য শারীরিকভাবে অত্যন্ত সক্ষম এবং সাহসী অভিযানে দলের প্রধান ভরসা। তার মুদ্রাদোষ হলো- কথায় কথায় "খাইছে", “সেরেছে ” কিংবা "ইয়াল্লা" বলা। সে একটু ভোজনরসিকও বটে। কিছুটা ভীতু প্রকৃতির, ভূতে তার যত ভয়। তবে বিপদের মুহূর্তে সবচেয়ে বেশি সাহসী হয়ে উঠে মুসা।
রবিন মিলফোর্ড দলের নথি গবেষক ও তথ্য সংগ্রহকারী। আয়ারল্যান্ডের বংশোদ্ভূত এই শান্ত স্বভাবের সদস্য "চলমান জ্ঞানকোষ" হিসেবে পরিচিত। রবিনের কাজ হচ্ছে তিন গোয়েন্দার সকল কেসের রেকর্ড রাখা বা নথি সংরক্ষণ করা।
তিন গোয়েন্দার হেডকোয়ার্টার ‘পাশা স্যালভিজ ইয়ার্ড’ এর লোহা-লক্করের জঞ্জালের নিচে পুরনো এক মোবাইল হোম-এ। আর তাদের রহস্যময় অভিযান শুরু হতো হলিউডের বিখ্যাত পরিচালক আলফ্রেড হিচককরে কাছ থেকে পাওয়া চিঠি বা ইঙ্গিত দিয়ে। যার নাম তিন গোয়েন্দা সিরিজের বইয়ে বদলিয়ে "ক্রিস্টোফার ডেভিড" রেখেছিলেন লেখক।
রকিব হাসান: অনুবাদে ছিল যার নিজস্বতা
তিন গোয়েন্দা সিরিজকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যাওয়ার পেছনের মূল কারণ ছিলেন রকিব হাসান। যদিও প্রথম ৩০টি পর্ব রবার্ট আর্থারের মৌলিক গল্পের অনুবাদ, কিন্তু এর পরের পর্বগুলোতে তিনি মৌলিকত্ব এবং অন্যান্য বিদেশি লেখকের ছায়া অবলম্বনে গল্প রচনা করেন।
রকিব হাসান মূল গল্পের বিদেশি নাম, স্থান ও সংস্কৃতিকে এমনভাবে বদলে দিতেন যে পাঠক মনে করতেন ঘটনাগুলো হয়তো তাদের আশেপাশেই ঘটছে। তার লেখার ভাষা ছিল সহজ, গতিময় এবং হাস্যরসাত্মক, যা কিশোর-কিশোরীদের পড়ার অভ্যাস তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিটি গল্পের শেষে রহস্যের জট এমনভাবে খুলত যে পাঠকের মনে এক ধরণের সন্তুষ্টি তৈরি হতো। এটি ছিল মূলত তার লেখার অন্যতম আকর্ষণ।
রকিব হাসান ২০০৩ সাল পর্যন্ত প্রায় ১৫৮টিরও বেশি পর্ব লেখেন এবং এই সিরিজের স্বর্ণযুগ তৈরি করেন।
তিন গোয়েন্দা কেন একটি স্বতন্ত্র সৃষ্টি?
‘তিন গোয়েন্দা’ সিরিজের জনপ্রিয়তা আজও অমলিন থাকার পেছনে রয়েছে বেশ কিছু কারণ:
- তিন গোয়েন্দার কাহিনি বাংলাদেশি পাঠকদের উপযোগী করে স্থাপনা, ভাষা ও সামাজিক প্রেক্ষাপট বদলে উপস্থাপন করা হয়েছে।
- মুল চরিত্ররা যেমন কিশোর পাশা, মুসা আমান, রবিন মিলফোর্ড — এদের নাম, পারিবারিক পটভূমি, এমনকি স্বভাবও লেখক রকিব হাসান নিজস্ব ভঙ্গিমায় গঠন করেছেন।
- কিশোর, মুসা ও রবিন—তারা স্কুল শেষ করেই বেরিয়ে পড়ত তাদের নিজস্ব অ্যাডভেঞ্চারে, যা কৈশোরের স্বাধীনতার প্রতি আকাঙ্ক্ষাকে পূরণ করত।
তিন গোয়েন্দা কেবল একটি গোয়েন্দা সিরিজ নয়, এটি বাংলাদেশের বহু পাঠকের জন্য নস্টালজিয়া, প্রথম পাঠের আনন্দ এবং কৈশোরের এক রোমাঞ্চকর স্মৃতি। রকিব হাসানের কলম সেই স্মৃতিকে জীবন্ত করে রেখেছে আজও।
