Logo
Logo
×
   

Advertisement

অন্যান্য

কোথায় আপনারা, পালিয়েছেন কেন: আ.লীগ নেতাদের তানিয়া রব

Advertisement

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৯:১৩ পিএম

কোথায় আপনারা, পালিয়েছেন কেন: আ.লীগ নেতাদের তানিয়া রব

বক্তব্য রাখছেন তানিয়া রব। ছবি: যুগান্তর

Advertisement

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসনের সম্ভাব্য প্রার্থী তানিয়া রব বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুই কোটি টাকার জন্য মামলা দেওয়া হয়েছিল, ওই মামলায় তিনি জেল খেটেছেন তারপরও দেশ ছাড়েননি। 

পতিত আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, এখন কোথায় আছেন আপনারা সব, পালিয়েছেন কেন?

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলার তেগাছিয়া বাজার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এর আগে তিনি কমলনগর উপজেলার মতিরহাট থেকে রামগতির বয়ারচর পর্যন্ত নদীপথে এসে মেঘনার ৩১শ কোটি টাকার প্রকল্পের কাজ পরিদর্শন করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ শত শত হাজার কোটি টাকা পাচার করেছে, বেগমপাড়া করেছে, তাদের নামে শত শত বাড়ি পাওয়া যাচ্ছে। আর খালেদা জিয়ার দুই কোটি টাকা ব্যাংকেই ছিল, সেটা তো তছরুপ হয়নি।  

তানিয়া রব বলেন, ফ্যাসিস্ট দিনের ভোট রাতে করে ডামি নির্বাচন করে মানুষের ভোটাধিকার হরণ করেছে। জনগণ ভোট দিতে পারেনি। সেই ভোটাধিকার ফিরিয়ে আনতে আমাদের আজকের লড়াই। আমরা চাই প্রত্যেক মানুষ তাদের ভোটাধিকার ও নাগরিক অধিকার প্রয়োগ করুক। 

তিনি বলেন, কোনো ফ্যাসিজম সহ্য করা হবে না। আমরা চাই সব মানুষের সহাবস্থান। ঐক্যই মহাশক্তি। রামগতির উন্নয়নে আমরা সবাই একাট্টা হয়ে কাজ করব। কে কতটুকু উন্নয়ন করেছে, সেটা জনগণ বিচার করবে। 

চরগাজী ইউনিয়ন জেএসডির সভাপতি গোলাম আজম ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবি আব্দুল্লাহ, জেএসডির সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফারজানা দিবা, জেএসডির জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর হারুনুর রশিদ বাবুল, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মীর আক্তার বাচ্চু, রামগতি উপজলা জেএসডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দীন ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু প্রমুখ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম