Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

নেতাকর্মীর প্রার্থিতা নিয়ে অবস্থান পরিষ্কার করল ছাত্রশিবির

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ পিএম

নেতাকর্মীর প্রার্থিতা নিয়ে অবস্থান পরিষ্কার করল ছাত্রশিবির

ফাইল ছবি

Advertisement

ঢাকা-৮ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম নির্বাচন করছেন বলে গুঞ্জন উঠেছে। বিষয়টি খবরও প্রচার করেছে কয়েকটি গণমাধ্যম। তবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্র সংগঠনটির কোনো নেতাকর্মীর নির্বাচন করার ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

কেন্দ্রীয় শিবিরের প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ শনিবার (৬ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সাদিক কায়েম, ঢাকা-৮ থেকে নির্বাচন করছেন। এমন খবরের সত্যতা যাচাই করতে অনেকেই নক দিচ্ছেন। ইতিমধ্যে ২/১ জন সাংবাদিক এ ইস্যুতে ফেসবুকে পোস্টও করেছেন। ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি দুদিন আগে মিডিয়াতে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন।’ 

আজিজুর রহমান আজাদ বলেন, ‘আমরা আবারও বলছি—এখন পর্যন্ত ছাত্রশিবিরের কোনো জনশক্তিকে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করানোর সিদ্ধান্ত গৃহীত হয়নি। কেন্দ্রীয় সংগঠন নির্বাচন সংশ্লিষ্ট কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে আমরা অফিসিয়ালি জানিয়ে দেব, ইনশাআল্লাহ।’

নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে অন্য সব আসনের মতো ঢাকা-৮ (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন, শাহজাহানপুর) আসনেও চলছে নানা হিসাব-নিকাশ। জামায়াতের সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম বলছে, এই আসনে তাদের প্রার্থী পরিবর্তন হতে পারে।

শিবির নেতা ও ডাকসু ভিপি সাদিক কায়েমকে এ আসনে মনোনয়ন দেওয়ার কথা ভাবছে দলটি।

ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির  অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনকে মনোনীত করেছিল দলটি। মনোনীত হওয়ার পর থেকে তিনি আসনটিতে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম