Logo
Logo
×

রাজনীতি

ড. রেদোয়ান

‘১০০ বছরেও ক্ষমতার ধারে-কাছে যেতে পারবে না জামায়াত’

Icon

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬ পিএম

‘১০০ বছরেও ক্ষমতার ধারে-কাছে যেতে পারবে না জামায়াত’

এলডিপি মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, একক সরকার গঠন তো দূরের কথা আগামী একশ বছরে ক্ষমতার ধারে-কাছেও যেতে পারবে না জামায়াতে ইসলামী। এ দেশের মানুষ জানে তারা ১৯৭১ সালে রাজাকার, আলবদর, আল-শামস বাহিনী গঠন করে নির্বিচারে দেশের মানুষের ওপর গণহত্যা চালায়। এ দেশের মেয়ে ও নারীদের তারা পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে ধরে নিয়ে যেত। সেসব দিনের কথা আজও মানুষ ভুলতে পারেনি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকালে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ মাঠে কুমিল্লার চান্দিনায় বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চান্দিনা পৌর এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।

ড. রেদোয়ান আহমেদ বলেন- ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবের ব্যাপক অবদান রয়েছে। তিনি সে সময় সবচেয়ে বড় মাপের নেতা ছিলেন। তিনি চাইলে স্বাধীনতার ঘোষণা দিতে পারতেন; কিন্তু মেজর জিয়াউর রহমানই প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। দ্বিতীয় দফায় মেজর জিয়া বঙ্গবন্ধুর নামেই স্বাধীনতার ঘোষণা দেন। ইতিহাসে যার যেটুকু অবদান তা স্বীকার করতে হবে।

সভায় পৌর এলডিপির সভাপতি অধ্যাপক মো. গিয়াস উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা এলডিপির সভাপতি একেএম শামসুল হক মাস্টার, কেন্দ্রীয় এলডিপির উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, পৌর এলডিপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক জামশেদ আহমেদ জাকি, উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর, সাধারণ সম্পাদক রাজীব আহমেদ ভূঁইয়া, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম