নির্বাচনি প্রচারণায় সংঘর্ষে ওয়ার্কার্স পার্টির তিন কর্মী আহত
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৯ এএম
সংঘর্ষের ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আহত তিন কর্মী। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা–১২ আসনের নির্বাচনি প্রচারণা চলাকালে রাজধানীর হাতিরঝিল এলাকায় সংঘর্ষের ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তিন কর্মী আহত হয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে হাতিরঝিলের মধুবাগ–মীরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—আহাদ হোসেন (২৭), আব্দুর রহমান সাকিন (২৭) ও মোহাম্মদ হোসেন (৩৯)। আহতদের রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও ঢাকা–১২ আসনের প্রার্থী সাইফুল হক ‘কোদাল’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি অভিযোগ করে বলেন, হামলার জন্য এই আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা সাইফুল আলম নীরবের সমর্থকেরাই দায়ী।
সাইফুল হক বলেন, সোমবার বিকালে ৩৬ নম্বর ওয়ার্ডে কোদাল মার্কার নির্বাচনি প্রচারণা চলছিল। মিছিলটি মধুবাগ মাঠ থেকে শুরু হয়ে মীরবাগ এলাকায় পৌঁছালে ফুটবল প্রতীকের প্রার্থী সাইফুল আলম নীরবের সমর্থকেরা পাইপ, লাঠি ও রড নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আমাদের তিনজন কর্মী আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, যারা এই হামলায় জড়িত, তাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। নির্বাচন কমিশনের কাছে সুষ্ঠু তদন্ত ও জবাবদিহির দাবি জানাব। ঢাকা–১২ আসনের ৩৬ নম্বর ওয়ার্ড অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে প্রার্থী ও ভোটাররা সবসময় হুমকি ও উসকানির মধ্যে থাকেন।
ঘটনার ব্যাপারে অভিযুক্ত সাইফুল আলম নীরব বলেন, প্রচার চালানোর সময় সাইফুল হকের সমর্থকেরা বুলবুল নামের আমার এক সমর্থকের কলার চেপে ধরে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়, পরে তা হাতাহাতিতে রূপ নেয়।
এদিকে হাতিরঝিল থানা বিএনপির সদস্য ইমরান খান অভিযোগ করে বলেন, বিকালে মধুবাগ মাঠ থেকে দেড়–দুইশত লোক কোদাল মার্কার পক্ষে মিছিল নিয়ে বের হয়। এ সময় বিএনপি থেকে বহিষ্কৃত সাইফুল ইসলাম গ্রুপের মাসুম মিয়া, শ্যামলী খান, বাপ্পী খান, মামুন রনি ও আরও কয়েকজন আমাদের মিছিলের ওপর হামলা চালায়। এতে আমাদের নেতাকর্মীরা আহত হন।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. (মোহাম্মদ) ফারুক বলেন, রাত সাড়ে আটটার দিকে হাতিরঝিলের মধুবাগ–মীরবাগ এলাকা থেকে নির্বাচনি সহিংসতায় আহত তিনজনকে জরুরি বিভাগে আনা হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

-6980f4e12b54a.jpg)