মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ১২:২৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর দেশের মালিকানা জনগণ ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চেৌধুরী।তিনি বলেছেন, ‘দেশে পরিবর্তিত পরিবেশে, একটি গণতান্ত্রিক পরিবেশে আমার মনে হয় এবারের ঈদের আনন্দটা একটু ভিন্ন। আমরা সবাই যে মালিকানা ফিরে পাওয়ার কথা ছিল, মনে হয় নির্বচানের পরে বহুলাংশে সেটা ফিরে পেয়েছি।’
পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করে শনিবার সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী। তিনি চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীর পাহাড়তলীর উত্তর কাট্টলী দারুস সালাম জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। পরে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করেন।
মানুষ মুক্ত পরিবেশে না থাকলে ঈদের আনন্দ সেভাবে উপভোগ করতে পারে না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু।
তিনি বলেন, ‘আমি মনে করি, আমাদের সবার জন্য আজকে ঈদের আনন্দ তো আছেই। এই ঈদের আনন্দ একটু অতিরিক্ত আনন্দ উপভোগ করছি সবাই মিলে। আমরা যাতে এভাবেই থাকতে পারি। দেশটা যাতে এভাবেই থাকে। সবাই মুক্ত অবস্থায় থাকতে পারে, মুক্তভাবে কথা বলতে পারে। মুক্তভাবে চলতে পারে। তার সব সাংবিধানিক, গণতান্ত্রিক, রাজনৈতিক অধিকার যাতে সে ভোগ করতে পারে।’
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী আমীর খসরু বলেন, ‘এই ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে যেটি আছে, এটা যাতে অবিরতভাবে বাংলাদেশে চলতে থাকে। জাতি–ধর্মনির্বিশেষে সকলের জন্য যাতে এই অবিরত ধারা চলতে থাকে। সবাইকে ঈদ মোবারক।’
