Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

সরকারের কাছে শওকত আজিজ রাসেলের প্রশ্ন

ট্যাক্সের টাকা কীভাবে খরচ করেন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ট্যাক্সের টাকা কীভাবে খরচ করেন

Advertisement

ব্যবসায়ীদের ট্যাক্সের টাকা সরকার কীভাবে খরচ করে সেটার জন্য একটা সেল গঠনের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি বলেছেন, আপনি যেভাবে আমাকে ধরপাকড় করে ট্যাক্স কালেকশন করেন, আমার ট্যাক্সের টাকা আপনি কীভাবে খরচ করেন, ওটার জন্য একটি সেল করা উচিত। জবাবদিহিতার জায়গা বের করা উচিত। আমার টাকা দিয়ে আপনি ব্রিজ বানাবেন, রাস্তা ছাড়া; অথবা রাস্তা বানাবেন, ব্রিজ ছাড়া; আর আমাকে বলবেন টাকা নেই-এটা হতে পারে না। সরকারকে আয়ের চেয়ে ব্যয় বেশি করার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। করের টাকা অপচয় হয়। যার মাশুল দিতে হয় শিল্পকারখানাকে। বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজারের সিএ ভবনে আয়োজিত এক প্রাক-বাজেট গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিবি) ও দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস আয়োজিত এ আলোচনায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। 

শওকত আজিজ রাসেল বলেন, ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের প্রয়োজনীয়তা কতটুকু, সেটা ব্যবসায়ীদের চেয়ে সরকারকে বেশি উপলব্ধি করা দরকার। যেটা সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান করতে পেরেছিলেন। যার ফলে তিনি প্রণোদনা দিয়েছিলেন, ব্যাক-টু-ব্যাক এলসি ও বন্ডেড সুবিধা দিয়েছিলেন। এগুলোর প্রতিফলন হচ্ছে-রপ্তানি আয়ের ৮৫ ভাগই করছে তৈরি পোশাক শিল্প। এখন আমাদের ব্যবসায় ধস নামছে। শিল্পকারখানা বন্ধ হচ্ছে। ব্যবসার জন্য যে সুযোগ বা পরিবেশ দরকার, সেটা সরকার নিশ্চিত করতে পারছে না। আজ অবধি পারেনি। করের টাকা অপচয় করা হচ্ছে-এমন মন্তব্য করে রাসেল বলেন, সরকার করের টাকা অপচয় করছে। আর কলকারখানা বন্ধ হচ্ছে বা ঝুঁকিপূর্ণ জায়গায় চলে যাচ্ছে। এমনিতেও অনেকে শিল্প কারখানা গুটানো শুরু করে দিয়েছে। এখন এমন হয়েছে, যে যত আগে কারখানা বন্ধ করছে, তার লস তত কম হচ্ছে। আগামী বাজেটে সরকার বন্ধ কারখানা চালু করতে বা নতুন কারখানার জন্য কত টাকা বরাদ্দ দিচ্ছে, সেটা আমরা দেখতে চাই। 

আইসিএবি সভাপতি এনকেএ মবিনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, মেট্রোপলিটন চেম্বার (এমসিসিআই) সভাপতি কামরান টি রহমান, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল, আমেরিকান চেম্বারের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ, ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আবদুল মজিদ, সাবেক সদস্য ফরিদ উদ্দিন, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সরকার করের হার বাড়াতে চায় না; বরং অর্থনীতির আকার বাড়িয়ে অভ্যন্তরীণ সম্পদ আহরণ বাড়াতে চায়। প্রত্যক্ষ কর বাড়ানোর সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি। কর ফাঁকি ও কর জালিয়াতি বাড়ার পেছনে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার সংস্কৃতি বড় কারণ বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। কর ব্যবস্থায় ‘সংযুক্তি’ ও ‘বিযুক্তি’ দুই ধরনের সংস্কারের কথাও তুলে ধরেন উপদেষ্টা। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘বিযুক্তি’ মানে করদাতা ও কর্মকর্তার ব্যক্তিগত যোগাযোগ কমিয়ে আনা, আর ‘সংযুক্তি’ মানে নাগরিককে জানানো-তার করের অর্থ কোথায় ব্যয় হচ্ছে।

ড. তিতুমীর জানান, সরকার ইতোমধ্যে অর্থনৈতিক সংস্কারের জন্য তিনটি টাস্কফোর্স গঠন করেছে। একই সঙ্গে অনানুষ্ঠানিক খাতকে মূল অর্থনীতির সঙ্গে যুক্ত করা, বন্ধ শিল্পকারখানা চালু, ক্ষুদ ও কুটির শিল্পে প্রণোদনা এবং এসএমই নীতিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অ্যামচেম সভাপতি সৈয়দ এরশাদ বলেন, এনবিআরের তিন বিভাগকে (আয়কর, কাস্টমস, ভ্যাট) ঢেলে সাজানো না হলে বিদেশি বিনিয়োগ বাড়বে না। এ জন্য প্রয়োজন অটোমেশন। প্রথমে কাস্টমসে অটোমেশন করতে হবে। এই প্রক্রিয়ায় দুর্নীতি পুরোপুরি দূর করা না গেলেও ডিজিটাল ব্যবস্থা চালুর মাধ্যমে তা সহনীয় পর্যায়ে নামিয়ে আনা সম্ভব।


Advertisement

Advertisement

আরও পড়ুন

বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব

বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব

আমু-শাজাহান-ফারুকসহ হেভিওয়েটদের বিরুদ্ধে ফরমাল চার্জ শিগগিরই

আমু-শাজাহান-ফারুকসহ হেভিওয়েটদের বিরুদ্ধে ফরমাল চার্জ শিগগিরই

আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ, আদালতকক্ষে হট্টগোল

আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ, আদালতকক্ষে হট্টগোল

সেই জামায়াত নেতার সদস্যপদ বাতিল

সেই জামায়াত নেতার সদস্যপদ বাতিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম